জমজমাট কেনাকাটায় যানজটের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলোতে গতকাল সাপ্তাহিক ছুটিরদিনে দিনে ছিল উপচে পড়া
ঈদ উপলক্ষে রাজধানীর বিপণিবিতানগুলোতে গতকাল সাপ্তাহিক ছুটিরদিনে দিনে ছিল উপচে পড়া

ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে আগেই। গতকাল শুক্রবার ছুটির দিনে তা যেন বিশেষ মাত্রা পেল। নগরীর ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো ছিল ক্রেতাদের ভিড়ে ঠাসা। একই সঙ্গে বিপণিবিতানকেন্দ্রিক যানজটও ছিল তীব্র।
নিউমার্কেটের সামনে মিরপুর রোডে সকাল থেকেই ছিল যানজট। ক্ষুব্ধ এক ক্রেতা বললেন, ‘এখন থেকে আর ছুটির দিনে কেনাকাটা করতে আসব না।’
ধানমন্ডির প্লাজা এ আর সেন্টারে কেনাকাটা করতে আসেন ফেরদৌস ও মিলি হাসান দম্পতি। তাঁরা জানালেন, ভিড়ের কারণে দুপুরবেলায় বের হয়েছেন। তবে ফলাফল একই।
ঈদে কাকে কী দেবেন, তার তালিকা তৈরি করে নিয়ে এসেছেন অনেকে। পছন্দের জিনিসটি খুঁজে পেতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। অনেকে পোশাক দেখে, নাড়াচাড়া করে সিদ্ধান্ত নিতে না পেরে যাচ্ছেন অন্য দোকানে। কেউ আবার ঝটপট কিনে ব্যাগ ভরে হাঁটা দিচ্ছেন বাড়ির পথে।
বিকেলে আসাদ গেটে আড়ংয়ে কেনাকাটা করতে আসেন জিগাতলা থেকে ফরিদা খান। তিনি জানান, মা, খালা, ননদ, দেবরসহ আত্মীয়-স্বজনের যে উপহারগুলো দেবেন, তা কিনে ফেলছেন। পরে নিজের জন্য কিনবেন। স্বামীর জন্য তিনটি পাঞ্জাবি তিন হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছেন বলে জানালেন।
শৌখিন ক্রেতাদের কাছে দাম বাড়া বা কমার বিষয়টি খুব বিবেচ্য নয়। তাই ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজা, অরচার্ড পয়েন্ট, নন্দন কুটির, বিবিয়ানায় তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময়ের আবহাওয়া, ফ্যাশনের ধরন বিবেচনায় নিয়ে আমরা পোশাকে উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়েছি। এবার ঈদে সবুজ, ফিরোজা, নীলের মতো উজ্জ্বল রং বেশি চলছে।’
ভিড় ছিল বাচ্চাদের পোশাকের দোকানেও। বাবা-মায়ের হাত ধরে পছন্দের পোশাক কিনতে এসেছে ছোট্ট নিশান ও নাহিয়ান। ছোটদের পোশাকের দাম তুলনামূলক বেশি জানালেন কয়েকজন অভিভাবক।
নিউমার্কেটে লাকী ফ্যাশন হাউসের বিক্রেতা মো. নাসির খান বললেন, অনেকেই এখন বাচ্চাদের পোশাক কিনে ফেলছেন। বোনাস পাওয়ার পর কিনবেন নিজেদেরটা।
যানজটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিপণিবিতানগুলোর সামনে যত্রতত্র ব্যক্তিগত গাড়ি, রিকশা রাখা হয়। মানুষ সচেতন না হলে যানজট কমানো কঠিন। রমজানে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিপণিবিতানগুলোর নিরাপত্তাকর্মী, কমিউনিটি পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।