জমজমাট গণিত উৎসব
উদ্বোধনী অনুষ্ঠান, লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল রোববার দিনাজপুরে চতুর্থ গণিত উৎসব-২০১১ অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২১ জন প্রতিযোগী এতে অংশ নেয়। দিনাজপুর সায়েন্স একাডেমি চতুর্থবারের মতো এই উৎসবের আয়োজন করে।গতকাল সকাল সাড়ে নয়টায় জিলা স্কুল প্রাঙ্গণে সাংসদ ইকবালুর রহিম জাতীয় পতাকা উত্তোলন শেষে উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক হতে হলে নিজেকে বিশ্বমানের যোগ্য করে গড়তে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে।সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হয়। বিকেল তিনটায় জিলা স্কুল মিলনায়তনে পাওয়ার পয়েন্টে গণিত, পদার্থ ও জীববিজ্ঞানের ওপর তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশ্নোত্তর পর্বে খুদে গণিতবিদেরা মঞ্চে উপস্থিত শিক্ষকদের নানা প্রশ্ন করে। জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আকতার, সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক একরামুল হক, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক জেহাদ সরকার, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক শাহাদাৎ হোসেন, শিক্ষক মিজানুর রহমান, পদ্ম পলাশ মণ্ডল, জিয়াউল হক, দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকারসহ অন্য শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।