জমজমাট পাঞ্জাবির বাজার
সব বয়সী ছেলেদের পছন্দের ঈদপোশাকের শীর্ষে রয়েছে পাঞ্জাবি। ঈদের সকালে পাঞ্জাবি না পরলে যেন ঈদের আমেজটা পূর্ণ হয় না। ঈদ সামনে রেখে তাই চট্টগ্রাম নগরে জমে উঠেছে পাঞ্জাবির বাজার।
মেয়েদের ঈদপোশাকের বাজারে জর্জেট, সিল্কের প্রাধান্য থাকলেও ছেলেদের ঈদপোশাকের বাজারের বড় অংশ দখল করে রেখেছে সুতি কাপড়। এর সঙ্গে অবশ্য অ্যান্ডি, খাদি ও সিল্কও কিনছেন অনেকে। পাঞ্জাবির পাশাপাশি শার্ট, ফতুয়া ও টি-শার্টও বিক্রি হচ্ছে।
নগরের বেশ কয়েকটি বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেল, দেশি বুটিক হাউজ ও ব্র্যান্ডের পাঞ্জাবির কদরই বেশি। তবে ভারত ও পাকিস্তানের এক্সক্লুসিভ নকশার কিছু পাঞ্জাবিরও ক্রেতা রয়েছেন বাজারে।নিউমার্কেটে পাঞ্জাবি কিনতে আসা ইকবাল হোসেন জানালেন, ঈদের দিনটি পাঞ্জাবি গায়ে দিয়েই কাটিয়ে দেওয়ার ইচ্ছে তাঁর। সে কারণে সুতি পাঞ্জাবি তাঁর প্রথম পছন্দ। দামও সহনীয়।
কাপড় ও নকশাভেদে ১০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে পড়ছে পাঞ্জাবির দাম। এবার মাঝারি ঝুলের পাঞ্জাবির চল বেশি। এ ছাড়া শেরওয়ানি কাটের পাঞ্জাবির বিক্রিও বেশ চলছে। আড়ং, শৈল্পিক, নক্ষত্র, বাঙালী বাবু, কে ক্র্যাফট, অঞ্জন’স, দেশাল, সাদাকালো, ক্যাটস আই, ক্র্যাফট ক্যাসেল, জেন্টলম্যান, হ্যান্ডিবাজারসহ বিভিন্ন নামকরা দোকানে পাঞ্জাবির ক্রেতার ভিড় দেখা গেল।
বিক্রেতারা জানালেন, পবিত্র রমজান শুরুর প্রথম সপ্তাহ থেকেই পাঞ্জাবির বিক্রি বেড়েছে। এবার ১৫ রমজানেই বিক্রি জমজমাট। মিমি সুপার মার্কেটে অবস্থিত বুটিক হাউজ শৈল্পিকের বিক্রেতা মো. জাহেদ জানালেন, ১২৫০ থেকে ৪০৫০ টাকার মধ্যে পাঞ্জাবি বিক্রি করছেন তাঁরা। তবে বেশির ভাগ ক্রেতাই দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে কিনছেন।
গলা, বুকে ও হাতে হালকা নকশার কাজ করা পাঞ্জাবি এবার বেশি চলছে বলে জানালেন ডিজাইনার শিমুল খালেদ। প্রথম আলোকে তিনি বলেন, ক্রেতারা পোশাক কেনার ক্ষেত্রে প্রধানত আরামকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সে কারণে সুতি পাঞ্জাবি বেশি চলছে। আর রঙের ক্ষেত্রেও সাদা, নীল ও সবুজ বেশি চলছে।
তবে যাঁরা আরেকটু কম দামে পাঞ্জাবি কিনতে চান, তাঁরা ছুটছেন নগরের রিয়াজউদ্দিন বাজার বা হকার্স মার্কেটে। সেখানে দাম পড়ছে ৪০০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া নগরের অনেক দোকানেও ১০০০ টাকার নিচে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
পাঞ্জাবির সঙ্গে অনেকে বেছে নিচ্ছেন চুড়িদার বা সালোয়ার। এ ছাড়া জিনসের সঙ্গেও পাঞ্জাবি পরতে পছন্দ করেন অনেকে। দোকানে ছেলেদের সালোয়ার বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা।
ভালো চলছে ফতুয়া ও শার্টের বিক্রিও।৭৫০ থেকে শুরু করে ২৫০০ টাকার মধ্যে শার্ট ও ফতুয়া বেশি চলছে বলে জানান বিক্রেতারা।