জমজমাট বন্ধু উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ল পতাকা, উদ্বোধন হলো উৎসবের, প্রথম আলো
উড়ল পতাকা, উদ্বোধন হলো উৎসবের, প্রথম আলো

‘এগিয়ে নিই বাংলাদেশ’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হলো প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধু উৎসব’। উৎসবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভাসহ ঢাকা মহানগরের ১০টি বন্ধুসভার সদস্যরা অংশ নেন।

সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলনের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বন্ধুসভার পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান। উৎসব চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

অনুষ্ঠানের উদ্বোধনকালে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বন্ধুসভা দেশজুড়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। বন্ধুসভার কাজের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।

এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে ছিল গান, আবৃত্তি, মূকাভিনয়সহ নানা আয়োজন। প্রতিটি বন্ধুসভার বন্ধুদের প্রাণবন্ত পরিবেশনা উৎসবকে আরও রঙিন করে তোলে।

উৎসবে উপস্থিত হন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘তোমরা হচ্ছো মশালের মতো। মশাল যেমন আলো দেয়, আবার জ্বালিয়েও দেয়। তোমরা আলোকিত করবে। আমরা সবাই মিলে এগিয়ে নেব বাংলাদেশ।’

উৎসবে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, আবিদা সুলতানা, আশফাকুজ্জামান। উৎসব আয়োজনে সহযোগিতা করে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আপ্যায়নে পোলার আইসক্রিম।

বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে বন্ধু উৎসব আয়োজনের অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়।