জমজমাট মেলায় খাইদাই

রোববার বিকেল সাড়ে তিনটা। কিছুক্ষণ আগে শুরু হয়েছে অমর একুশে বইমেলার ২৫তম দিনের আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে হাঁটছি। হঠাৎ শুনতে পাই, ‘সরেন সরেন। পোলাওয়ের ডেক আসছে!’ সেই ডেকচি বইছেন দুজন। যেন আশপাশে কোথাও বিয়েবাড়ি! বাইরে রান্না করে সেখানে নেওয়া হচ্ছে।
এবারের মেলার পরিসর বড়। তাই বইয়ের স্টলের পাশাপাশি কিছু খাবারের দোকানও বসানো হয়েছে মেলায়। আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি। বললেন, মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। খিদে লাগাটাই স্বাভাবিক। একটু বিশ্রাম, তার সঙ্গে একটু খাবার হলে মন্দ কী।’ কলকাতা থেকে আসা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আশীষ সাহা ছিলেন তাঁর সঙ্গে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদাহরণ টেনে বললেন, খাবার দোকানের সংখ্যা আরও বেশি থাকা উচিত ছিল। মেলার সব প্রান্তে থাকতে পারত।
আগে বইমেলায় খাবারের দোকান বলতে ছিল শুধু বাংলা একাডেমির ক্যানটিন। এবার একাডেমির ক্যানটিনের পাশাপাশি রয়েছে নিরাপদ ফুড কোর্ট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মেট্রো বেকার্স। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশে নিরাপদ ফুড কোর্টে রয়েছে বেশ কিছু চটপটির এবং ‘হটপ্লেট’ নামের একটি ফাস্ট ফুডের দোকান।
প্রবন্ধ ও আলোচনা পর্ব
গতকাল মেলার মূল মঞ্চে ছিল ভাষাসংগ্রামী নাদেরা বেগম, ভাষাসংগ্রামী মমতাজ বেগম এবং শহীদ মিনারের অন্যতম রূপকার ভাস্কর নভেরা আহমেদ শীর্ষক আলোচনা। প্রবন্ধকার রামেন্দু মজুমদার বিদেশে থাকায় তাঁর লিখিত ‘ভাষাসংগ্রামী নাদেরা বেগম’ প্রবন্ধটি পাঠ করেন ত্রপা মজুমদার। মমতাজ বেগমকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রফিউর রাব্বি এবং নভেরা আহমেদকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম। আলোচনা করেন শফি আহমেদ এবং মালেকা বেগম। সভাপতিত্ব করেন সৈয়দ আবুল মকসুদ।