জমজমাট মৌসুমি ব্যবসা
পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এসেছে। জমজমাট পশুর হাট। পছন্দসই পশু কেনার পর ক্রেতাদের নজর আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটার দিকে। ঈদ ঘিরে চট্টগ্রাম নগরের বিভিন্ন ফুটপাতে বসে গেছেন চাটাই, গাছের গুঁড়ি, বাঁশের টুকরি, খড় ও ঘাস বিক্রেতারা। জমে উঠেছে মৌসুিম ব্যবসা। চলছে ছুরি, দা, বঁটি বিক্রিও।
যাঁরা এরই মধ্যে কোরবানির পশু কিনেছেন, তাঁরা সঙ্গে কিনছেন খড় ও তাজা ঘাস। পশুর মাংস কাটাকাটির জন্য প্রয়োজন গাছের গুঁড়ি ও চাটাই। মাংস বহনের জন্য প্রয়োজন টুকরি। এসব সামগ্রী বিক্রি বেশি হয় ঈদের আগের দিন। তবে অনেকে আগেই কিনে রাখছেন এসব সামগ্রী।
গতকাল বৃহস্পতিবার নগর ঘুরে দেখা যায়, বিভিন্ন পশুর হাটসংলগ্ন এলাকায় খড় ও ঘাস বিক্রি হচ্ছে। আর চাটাই ও কাঠের টুকরা বিভিন্ন পাড়া-মহল্লার ফুটপাতেও বিক্রি হচ্ছে। কিছু মৌসুিম ব্যবসায়ীরা প্রতিবছর চার-পাঁচ দিন এ ব্যবসা করেন। এ রকমই একজন মো. ইউসুফ। বিবিরহাটে বসিয়েছে অস্থায়ী দোকান। তিনি প্রথম আলোকে জানান, তিনি পেশায় দিনমজুর। তবে ছয় বছর ধরে ঈদুল আজহার আগে চাটাই ও গাছের গুঁড়ি বিক্রি করে আসছেন। এবার নোয়াখালীর সোনাপুর থেকে সাতজন মিলে চাটাই ও গাছের গুঁড়ি নিয়ে এসেছেন। সুবিধামতো জায়গা বেছে নেওয়ার জন্য একটু আগেভাগেই দোকান বসিয়েছেন।
আতুরার ডিপো এলাকায় কথা হয় মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সঙ্গে। ১৯০ টাকায় একটি গাছের গুঁড়ি কিনেছেন তিনি। মো. জাহাঙ্গীর বলেন, ‘রাউজানে নিজ গ্রামে পরিবার নিয়ে ঈদ করব। দুদিন আগে বাড়ি চলে যাব। তাই প্রয়োজনীয় সামগ্রী কিনে নিচ্ছি।’
মৌসুমি ব্যবসায়ী মো. শওকত জানান, হাটহাজারী থেকে খড় ও ঘাস কিনে এনেছেন। প্রতি আঁটিতে ১০ টাকার মতো লাভ থাকছে।
বিবিরহাট পশুরহাটের পাশেই কুলা, মাদুর, চাটাই ও টুকরির স্থায়ী দোকান আছে বাবলা চৌধুরীর। তিনি জানান, ঈদের আগের দিন বেশি বিক্রি হবে এসব সামগ্রীর। গত বছর ঈদের আগের দিন প্রায় ১৫ হাজার টাকার সামগ্রী বিক্রি করেছিলেন তিনি।
নগর ঘুরে দেখা যায়, এক আঁটি খড় বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। তাজা ঘাস ২৫-৩০ টাকায়। আর পশুর হাড়-মাংস কাটার জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি এবং চাটাই ও টুকরির দাম নির্ভর করছে আকারের ওপর। ছোট আকারের চাটাই পাওয়া যাচ্ছে ৮০ টাকায়, মাঝারি ১০০ ও বড় আকারের চাটাই বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। টুকরির দাম পড়ছে ১০০ টাকা। আর তেঁতুলগাছের গুঁড়ি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
এদিকে ছুরি, বঁটি ও চাপাতির বিক্রিও বেড়েছে। ১৫০ থেকে ৪০০ টাকায় নতুন দা-বঁটি, ছুরি ১০০ থেকে ২০০ টাকায়, চাপাতি ৫০০ থেকে ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনেকে পুরোনো দা, বঁটি ও ছুরি শাণিয়ে নিচ্ছেন।