জমজমাট রাজধানীর পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি হাটে স্রোতের মতো আসছে কোরবানির পশু। ক্রেতাদের সঙ্গে বেরও হয়ে যাচ্ছে প্রচুর। হাটে মানুষের ভিড়, কোলাহল, দর-কষাকষি; প্রচণ্ড ব্যস্ততা সবার। এই চিত্রই বলে দেয় রাজধানীর পশুর হাটগুলো জমে উঠেছে। গাবতলী, আরমানিটোলা, তেজগাঁও পলিটেকনিক ও আগারগাঁও-তালতলা এলাকার পশুর হাটগুলোতে গতকাল এমন চিত্রই দেখা গেছে। হাট পরিচালনার দায়িত্বে থাকা প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার দুপুর একটা পর্যন্ত গাবতলীতে প্রায় সাড়ে চার হাজার পশু বিক্রি হয়েছে। আরমানিটোলায় বিক্রি হয়েছে সহস্রাধিক পশু। তালতলা ও পলিটেকনিক হাটে দেড় শতাধিক করে পশু বিক্রি হয়েছে। বিক্রীত পশুর মধ্যে গরুর সংখ্যাই বেশি। পলিটেকনিক হাট থেকে ৬১ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন রাশেদ কবীর। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় পশুর দাম বেশি বলা যায় না। তালতলা হাট থেকে গরুর ক্রেতা মোহাম্মদ আলী বলেন, তিনি ২১ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। পশুর আকার গতবারের মতোই। দাম গতবারের তুলনায় দুই হাজার টাকা বেশি।কোনো কোনো ক্রেতা বলেছেন, দাম তেমন একটা বেশি না হলেও বিক্রেতারা চড়া দাম হাঁকছেন। তাই, দেখেশুনে না কিনলে ঠকার আশঙ্কা আছে। আরমানিটোলার হাটে আসা ক্রেতা শহিদুল্লাহ বলেন, তিনি ৫২ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। অথচ দাম হাঁকা হয়েছিল এক লাখ টাকা। ক্রেতারা মোটামুটি সন্তুষ্ট হলেও কয়েকজন ব্যবসায়ী অসন্তুষ্ট। আরমানিটোলা হাটের ব্যবসায়ী মফিজ মিয়া বলেন, ‘পশুর খাবারের দাম বেশি। তিন-চারজন কর্মচারীর বেতন দিতে হয়। সব মিলিয়ে গরু বিক্রি করে তেমন লাভ হইব না।’ দৌরাত্ম্য: বেচাকেনা জমে উঠলেও শুরু হয়েছে প্রতারক ও চোরদের দৌরাত্ম্য। গাবতলীর হাটে এ দৌরাত্ম্য বেশি। কমিটি জানায়, একটি চক্র ভদ্র বেশে ক্রেতা সেজে ৫০০ টাকার বান্ডিলের মধ্যে ১০০ টাকার নোট গুঁজে দিয়ে গরু হাতিয়ে নিচ্ছে। ওই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। গাবতলী হাটের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত দুই দিনে গরুসহ তাঁরা কয়েকজন চোর আটক করেছেন। হাসিল ছয় টাকা!: এ বছর ঈদুল আজহায় সরকার শতকরা পাঁচ টাকা হাসিল নির্ধারণ করেছে। কিন্তু আরমানিটোলা হাটে গতকাল ছয় টাকা করে হাসিল নেওয়া হয়েছে। একটি কাউন্টারে জিজ্ঞেস করলে একজন বলেন, বাড়তি এক টাকা ভ্যাট হিসেবে নেওয়া হচ্ছে। পাশের আরেকজন বলেন, ‘কোনো ভ্যাট-ট্যাট না ভাই। পাঁচ টাকাই নেওয়া হচ্ছে।’ কিছুক্ষণ পর ৭৮ হাজার টাকার গরু কিনে ওই কাউন্টারে আসেন শের আলী নামের এক ক্রেতা। তাঁর কাছ থেকে হাসিল বাবদ ছয় টাকা হারে মোট চার হাজার ৬৮০ টাকা নেওয়া হয়। কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, ভ্যাট তো অন্য কোনো হাটে নেওয়া হচ্ছে না।বর্জ্য ব্যবস্থাপনা: পলিটেকনিক পশুর হাটের কয়েকজন অভিযোগ করেন, হাটের বর্জ্য-ব্যবস্থাপনা ভালো নয়। যত্রতত্র ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। আরমানিটোলা হাটের চিত্র আরও ভয়াবহ। এখানে স্তূপাকারে গরুর বর্জ্য রাখা হয়েছে।