জমজমাট লড়াই হওয়ার আশা
ময়মনসিংহের নয়টি পৌরসভার কয়েকটিতে মেয়র পদে জমজমাট লড়াইয়ের আশা করছেন ভোটাররা। গতকাল মঙ্গলবার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
জেলার মুক্তাগাছা পৌরসভার কয়েকজন ভোটার বলেন, তিন দলের প্রার্থীই নির্বাচনের মাঠে সক্রিয় থাকায় সত্যিকার নির্বাচনের আমেজ বিরাজ করছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার ব্যবসায়ী বজলুল রহমান বলেন, ‘প্রার্থীদের আনাগোনায় মানুষ নির্বাচন নিয়ে বেশ উৎফুল্ল। শেষ পর্যন্ত যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে আমরা সেটাই চাই।’
ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার বেসরকারি সংস্থার কর্মকর্তা সজীব হোসেন বলেন, এখানে প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।
গৌরীপুরের খেলার মাঠ এলাকার বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবী মোস্তফা রায়হান বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই অংশ নেওয়ায় নির্বাচন জমজমাট হবে বলে আশা রাখি। পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য নতুন মেয়রকে মনোযোগী হতে হবে।’