জমজমাট ষাঁড়ের লড়াই

১৬টি স্বাস্থ্যবান ষাঁড়। শিংয়ের সঙ্গে শিং লাগিয়ে কী লড়াই তাদের! কেউ কারও চেয়ে কম যায় না। নিজ জেলার সম্মান রক্ষার জন্য লড়ে যাচ্ছে ষাঁড়ের দল।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মাঠে আজ শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ষাঁড়ের লড়াই। গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার ১৬টি ষাঁড় লড়াইয়ে অংশ নেয়। লড়াই দেখতে মাঠে জড়ো হয় গোপালগঞ্জ শহর ও আশপাশের গ্রামের মানুষ।

আয়োজকেরা জানান, বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে প্রথম পুরস্কার নগদ ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার নগদ ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার নগদ ৩ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম এ পুরস্কার তুলে দেন। প্রায় চার বছর আগে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামাল স্টেডিয়ামে বিশাল ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। এরপর গত বছর থেকে লতিফপুর ইউনিয়ন পরিষদ এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে আসছে।