জমজমের পানি যত খুশি পান করা যায়
মক্কায় এসে সব হজযাত্রীই পবিত্র মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করেন। মসজিদুল হারামের ভেতরে-বাইরে অসংখ্য জারে জমজম কূপের পানি রাখা আছে। পাশেই রয়েছে ওয়ান টাইম গ্লাস। যত খুশি পান করা যায় এই পানি। হজযাত্রীরা নামাজ আদায় করতে এসে জমজমের পানি পান করেন। সঙ্গে আনা বোতলে জমজমের পানি ভরে নিয়ে যান। মারওয়া গেটের কাছে কনটেইনার, বড় গ্যালন বা জারে পানি ভরে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এই পানি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
কাবাঘরের কাছে হাজরে আসওয়াদের পূর্ব-দক্ষিণ কোণে জমজম কূপ।
জানা যায়, জমজম কূপ প্রথমে খোলা অবস্থায় ছিল। তখন বালতি দিয়ে পানি তোলা হতো। জমজমের মুখ থেকে ৪০ হাত গভীর পর্যন্ত কূপের চারপাশ প্লাস্টার করা। এর নিচে পাথরকাটা অংশ আছে আরও ২৯ হাত। এসব লাল পাথরের ফাঁক দিয়েই তিনটি প্রবাহ থেকে আসে পানি। একটি কাবার দিক থেকে, একটি সাফা পাহাড়ের দিক থেকে এবং আরেকটি মারওয়া পাহাড়ের দিক থেকে।
কাবা শরিফের আশপাশেও টেপ ও ছোট ড্রামে জমজমের ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে। মদিনায় মসজিদে নববিতে প্রতিদিন গাড়ির মাধ্যমে এ পানি পৌঁছে দেওয়া হয়।
পটুয়াখালীর গলাচিপার মাওলানা আবদুল জব্বার বললেন, ‘জমজমের পানির কথা জেনে আসছি ছোটবেলা থেকে। হজ পালন করে যাওয়া আত্মীয়দের নেওয়া জমজমের পানি আগে পান করেছি। এবার নিজে এখানে এসে জমজমের পানি পান করেছি। এই পানি পানের পর প্রাণ ভরে যায়, মনে প্রশান্তি আসে।’
এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস হাজিদের জন্য জমজমের পানি দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে। বিমানের টিকিট দেখে ঢাকার বিমানবন্দর থেকে প্রত্যেক হাজিকে পাঁচ লিটার জমজমের পানি দেওয়া হবে। হাজিদের নিজেদের তা বহন করে আনতে হবে না।