নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা পাঁচ পরীক্ষার্থী সঙ্গে থাকা মুঠোফোন হলে কর্তব্যরত ব্যক্তিদের কাছে জমা দিয়ে ফেরত পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ৬১৬ জন পরীক্ষার্থী নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তা এলাকায় মেডিকেল কলেজের সদ্যনির্মিত ক্যাম্পাসে আসেন। সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগমুুহূর্তে হলে কর্তব্যরত কলেজের কর্মচারী মো. পারভেজ পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটর এমনকি হাতঘড়ি সঙ্গে না নিয়ে হলে ঢোকার নির্দেশ দেন। এ সময় বিপাকে পড়েন দূরের পরীক্ষার্থীরা, বিশেষ করে যাঁদের সঙ্গে কোনো অভিভাবক আসেননি।শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ সময় পাঁচ পরীক্ষার্থী কর্তব্যরত কর্মচারী পারভেজের পরামর্শমতো তাঁদের সঙ্গে থাকা পাঁচটি মূল্যবান মুঠোফোন সেট এক ছাত্রীর ব্যবহূত বেগে ঢুকিয়ে কর্তব্যরত আরেক কর্মচারী আবদুর রহিমের কাছে জমা দেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ওই কর্মচারীর কাছ থেকে বেগ ফেরত নিয়ে দেখেন ভেতরে রাখা মুঠোফোনগুলো এবং ৫০০ টাকা নেই। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে, গতকাল শনিবার বিকেল পর্যন্ত খোয়া যাওয়া মুঠোফোন ও টাকা শিক্ষার্থীরা ফেরত পাননি। যে পাঁচ পরীক্ষার্থী তাঁদের মুঠোফোন ফেরত পাননি তাঁরা হলেন: মো. রেজাউল কবির, মো. ফজলে রাব্বি, ইকবাল আজিজ মজুমদার, মো. রাফসানজানী ও তানিয়া আক্তার। এক শিক্ষার্থীর মামা লক্ষ্মীপুরের কমলনগরের এমরান হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা বাড়ির সঙ্গে যোগাযোগের সুবিধার্থে মুঠোফোন সঙ্গে নিয়ে আসতে পারেন। সে ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের ভালো চাইত, তাহলে সেগুলো দায়িত্বশীল কারও কাছে রাখার ব্যবস্থা করতে পারত। অভিযোগের বিষয়ে জানতে মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস সালামের মুঠোফোনে ফোন দিলে তিনি প্রশ্ন শুনে কোনো উত্তর না দিয়ে ফোনটি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) আবদুল্লা-হিল কাফিকে দিয়ে দেন। পরে একই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষার হলে মুঠোফোন সঙ্গে আনা নিষিদ্ধ। কলেজের কারও কাছে ফোন জমা দেওয়ার কথা ঠিক নয়। এর পরও যেহেতু একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, সেহেতু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।