
মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় বোরো ধানের আবাদ কমে গেছে। কমে গেছে সারের চাহিদাও। এতে অবিক্রীত সার গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। এতে ২ হাজার ৭০০ টন সার জমাট বেঁধে গেছে। এসব সার গুঁড়া করে দেওয়া হচ্ছে পরিবেশকদের। তবে কৃষকেরা এ সার কিনছেন না।
মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে দুই জেলার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বিসিআইসিকে ৪৫ হাজার টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়। তবে ওই অর্থবছরে ১১ হাজার টন সার বিক্রি হয়নি। এসব সার রাখার জন্য বিসিআইসি মাদারীপুর সদর উপজেলার টেকেরহাট বন্দরে দুটি গুদাম ব্যবহার করে। দুটি গুদামের ধারণক্ষমতা ২ হাজার টন। বাকি সার খোলা আকাশের নিচে রাখা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭০০ টন সার বস্তায় জমাট বেঁধে গেছে। এসব সার শ্রমিক দিয়ে মেশিনে গুঁড়া করে পরিবেশকদের দেওয়া হচ্ছে। এদিকে মাদারীপুরে ২০১৫ সালে ৩৭ হাজার ৮৯৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ২০১৬ সালে ৭ হাজার ৩০৪ হেক্টর জমিতে আবাদ হয়নি। আর ২০১৫ সালে গোপালগঞ্জে বোরোর আবাদ হয়েছিল ৭৫ হাজার ৭০০ হেক্টর জমিতে। এর মধ্যে ২০১৬ সালে ৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়নি।
গোপালগঞ্জের মুকসুদপুরের সারের পরিবেশক উত্তম কুমার সাহা বলেন, ‘গত বছর ও চলতি বছরে সারের চাহিদা কিছুটা কম। গত বছর বাফারের গুদামের সার বিক্রি না হওয়ায় অনেক সারের বস্তা জমাট বেঁধে গেছে। জমাট বাঁধা সার নতুন সারের সঙ্গে আমাদের দেওয়া হচ্ছে। কিন্তু কৃষক জমাট বাঁধা সার কিনতে চান না। বাধ্য হয়ে এগুলো মাছের খামারিদের কাছে কম দামে বিক্রি করছি।’
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা কমিটির সভাপতি আবদুল বাকি মিয়া বলেন, ‘বাফারের গুদামে দুই হাজার টন সার রাখার ব্যবস্থা আছে। অতিরিক্ত সার বরাদ্দ এলেই খোলা আকাশের নিচে রাখতে হয়। খোলা আকাশের নিচে একসঙ্গে অনেক সার রাখা হলে তার গুণগত মান নষ্ট হয়। এখন জমাট বাঁধা সার আমাদের ডিলারদের (পরিবেশক) দেওয়া হচ্ছে। ওই সার বিক্রি হবে না জেনেও আমরা নিতে বাধ্য হচ্ছি।’
বিসিআইসির মাদারীপুর অঞ্চলের উপব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, দুই বছর ধরে মাদারীপুর ও গোপালগঞ্জে সারের চাহিদা কমে গেছে। এখানে দুটি গুদামের ধারণক্ষমতা দুই হাজার টন। বরাদ্দকৃত সারের সরবরাহ এলে গুদামের বাইরে রাখতে হয়। যে সারগুলো জমাট বেঁধেছে তা স্থানীয়ভাবে গুঁড়া করে ডিলারদের দেওয়া হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, জমাট বাঁধা সারের মান নষ্ট হয়নি।