জমাট বাঁধা সার পরীক্ষার পর সরবরাহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরের বাফার সার গোডাউনে মজুত জমাট বাঁধা সার পরীক্ষার পর ব্যবহারের নির্দেশ দিয়েছেন বিসিআইসির চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন।

গতকাল বৃহস্পতিবার গোডাউন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ, রাজশাহী ও রংপুর বিভাগের ইউরিয়া সার মনিটরিং কর্মকর্তা শামীম আলম প্রমুখ।

সার মনিটরিং কর্মকর্তা শামীম আলম বলেন, চেয়ারম্যান উত্তরবঙ্গের বিসিআইসির আরও ১৩টি বাফার গোডাউন পরিদর্শন করবেন। বাফার গোডাউনগুলোতে যে পরিমাণ জমাট বাঁধা সার রয়েছে, সেগুলোর মান সঠিক রয়েছে। এক সপ্তাহ আগে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। তারপরও আবার পরীক্ষা-নিরীক্ষার পর ডিলারদের মাঝে সার সরবরাহ করা হবে।

বিসিআইসির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, দেশে ইউরিয়া সারের কোনো ঘাটতি নেই। উত্তরবঙ্গের জন্য প্রয়োজনীয় সার বাফার গোডাউনগুলোতে মজুত রয়েছে।