জমানো টাকার জন্য ঘুরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশোর্ধ্ব মুহাম্মদ ইকবাল ইউসুফ ডায়াবেটিস, হৃদ্রোগসহ নানা জটিল রোগে ভুগছেন কয়েক বছর ধরে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু ১২ বছর আগে একটি সমবায় ব্যাংকে রাখা নিজের প্রায় সাড়ে ৭ লাখ টাকা আমানত তিনি ফেরত পাচ্ছেন না। আট-নয় বছর ধরে তিনি টাকার জন্য ঘুরছেন মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এবং সমবায় দপ্তরের দ্বারে দ্বারে।
শুধু ইকবাল ইউসুফ নন, মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক নামের এই সমবায় প্রতিষ্ঠানের কয়েক হাজার গ্রাহক নিজেদের আমানত ফিরে পেতে ধরনা দিচ্ছেন। গ্রাহকদের পাওনা প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে। তবে আমানত ফিরিয়ে দিতে সমবায় দপ্তর কিংবা ব্যাংকটির কর্তাব্যক্তিদের কোনো উদ্যোগ নেই। ব্যাংকটির কার্যক্রম প্রায় নয় বছর ধরে বন্ধ রয়েছে।
সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, সমবায় দপ্তরের নিবন্ধন নিয়ে মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংকটি কার্যক্রম শুরু করে। এটির নিবন্ধন নম্বর ৬/সি (৪) তারিখ ৩০ মে, ১৯৩৯ সাল। সর্বশেষ চট্টগ্রামে চারটি এবং ঢাকায় একটি শাখা ছিল। সবগুলো শাখার কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। ২০০২-০৩ সালের পর সমিতির কোনো অডিট হয়নি।
বর্তমানে ব্যাংকটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যরা। এর সভাপতি হচ্ছেন কামরুন মালেক। সম্পাদকের দায়িত্বে রয়েছেন কোহিনুর কামাল।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে ব্যাংকটির যখন কার্যক্রম বন্ধ হয়, তখন এর গ্রাহক ছিল প্রায় ১১ হাজার। গ্রাহকদের পাওনা ছিল সাড়ে ৪ কোটি টাকার মতো। নিজেদের আমানত ফিরে পেতে ২০০৭ সালে সমবায় ব্যাংকটির জুবিলী রোডের কার্যালয়টি ঘেরাও করেছিলেন গ্রাহকেরা। ওই বছরই ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইকবাল ইউসুফ গ্রাহক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
আক্ষেপের সুরে ইকবাল ইউসুফ বলেন, ‘আমি মনে করেছিলাম মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক সোনালী, জনতা ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান। তাই টাকা জমা করেছিলাম। ব্যাংকটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ব্যাংকে গিয়ে জানতে পারি, এটি তাদের অনুমোদিত নয়। বন্ধ হওয়ার সময় এর গ্রাহকসংখ্যা ১১ হাজারের বেশি ছিল। দীর্ঘদিন ধরে টাকার জন্য ধরনা দিতে দিতে অনেকে হাল ছেড়ে দিয়েছেন।’
নগরের দেওয়ান বাজার এলাকার মিলন কান্তি শীল ১ লাখ টাকা জমা রেখেছিলেন। ১০ বছর পর ওই টাকা দ্বিগুণ হারে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিনি মাথায় হাত দেন।
একইভাবে চাকরিজীবী আবু মোহাম্মদ রাজীব উদ্দিন ২০০৩ সালে সাড়ে ১২ লাখ টাকা স্থায়ী আমানত হিসেবে জমা রেখেছিলেন। সুদ দূরে থাক, এখনো আসল টাকার ছিটেফোঁটাও উদ্ধার করতে পারেননি তিনি।
গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারার কথা স্বীকার করে জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক শহিদুল ইসলাম বলেন, ‘২০০৭ সাল থেকে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন থেকে গ্রাহকেরা আমাদের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু আমাদের ক্ষমতা সীমিত। আমরা তদন্ত করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছি।’ তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থাপনা কমিটি ব্যাংকটির সম্পত্তি বিক্রি করে কিংবা ঋণ আদায় করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারে।
জানা গেছে, জেলা সমবায় কার্যালয় সর্বশেষ ২০১৩ সালে ব্যাংকটির দেনা-পাওনাসংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে। এতে দেখা যায়, মার্চেন্টের শেয়ার মূলধন ২৬ লাখ ৪৫ হাজার ৪৩০ টাকা। সমবায় ব্যাংকটির বিভিন্ন আমানত দেনা ৩ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ২৭৪ টাকা। সমিতির সদস্যদের কাছে ৩ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকা ঋণ পাওনা রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সমিতির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, ‘চার-পাঁচ বছর আগে আমরা (উইমেন চেম্বার) এটি নিয়েছিলাম। কিন্তু দেখলাম তাদের অনেক দেনা। তাই আমরা আর কোনো কার্যক্রম চালাইনি। আমরা এটি সমবায়কে বুঝিয়ে দিয়েছি। সমবায় দপ্তর হয়তো এখনো আপডেট করেনি। তাই হয়তো এখনো আমাদের নাম রয়ে গেছে।’