জমায়েত হতে পারেনি হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিতে গতকাল বুধবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে জমায়েত হতে পারেনি হেফাজতে ইসলাম। পুলিশের নিরাপত্তা প্রস্তুতি দেখে সংগঠনের কোনো নেতা ওই এলাকায় যাননি।
পরে পুরান ঢাকা থেকে হেফাজতের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।
‘কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’ জাতীয় সংসদে পাস করা থেকে বিরত থাকার দাবিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি গত শনিবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী, স্মারকলিপি দিতে সংগঠনের ঢাকা বিভাগীয় সমন্বয়কের পক্ষ থেকে গতকাল দুপুর ১২টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে জমায়েত হওয়ার ঘোষণা দেওয়া হয়।
জমায়েত হওয়ার অনুমতি না থাকায় সকাল থেকে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পুলিশ ওই এলাকায় ফুটপাতের দোকানপাটও বন্ধ করে দেয়।
হেফাজতের ঢাকা মহানগর কমিটির নেতা মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘কথা ছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত হয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে রণপ্রস্তুতি নিয়েছে। তাই জেলা প্রশাসকের মাধ্যমে স্মরকলিপি দিয়েছি।’
ঢাকা ছাড়াও দেশের অন্যান্য জেলায় স্মারকলিপি দেওয়া হয়েছে বলে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে।