জমি অধিগ্রহণ করে বিদ্যালয় স্থাপনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে কেউ জমি দান না করলে মন্ত্রণালয়কে জমি অধিগ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০-র বেশি বিদ্যালয় স্থাপিত হয়েছে। কেউ জমি দান করতে আগ্রহী না হওয়ায় প্রায় ২০০ বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। যে এলাকায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই, সেখানে এসব বিদ্যালয় স্থাপনের কথা।
জানতে চাইলে কমিটির সদস্য আলী আজম প্রথম আলোকে বলেন, শহরের মতো গ্রামেও এখন জমির অনেক দাম। যে কারণে গ্রামের মানুষ বিদ্যালয় স্থাপনের জন্য জমি দান করতে আগ্রহী হচ্ছেন না। এ জন্য কমিটি প্রয়োজনে জমি অধিগ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। কারণ, দ্রুত এসব এলাকায় বিদ্যালয় স্থাপন না হলে গরিব শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে।
বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারো নির্ধারিত সময়ের মধ্যে বই পাবে। ইতিমধ্যে ৭০ শতাংশ এলাকায় বই পাঠানোর কাজ শেষ হয়েছে। বৈঠকে নতুন করে জাতীয়করণ করা যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এখনো বেতন পাননি, কমিটি অবিলম্বে তাঁদের বেতন দেওয়ার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া কাজল এবং মন্ত্রণালয়ের সচিবসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।