জমি অধিগ্রহণ তিন বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কটি প্রশস্ত করার জন্য জমির অধিগ্রহণ এখনো শেষ করতে পারেনি জেলা প্রশাসন। অনুমোদন পাওয়ার তিন বছর পরও সড়কের মূল কাজ শুরু করতে না পারায় ক্ষুব্ধ খুলনাবাসী।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের দাবি, জমি অধিগ্রহণের কাজ চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) সড়কের জমি বুঝিয়ে দেওয়া হবে।
এই সড়ক দিয়ে বাস-ট্রাকসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁক থাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ছোটখাটো যানজট লেগেই আছে। আঁকাবাঁকা এ সড়কের পাশেই অবস্থিত খুলনা শিপইয়ার্ড ও একটি ম্যাচ ফ্যাক্টরি। আছে একটি সিমেন্ট ফ্যাক্টরি ও একাধিক চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা। এ ছাড়া সেতুর আশপাশে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। শহরের যানজট ও দূরত্ব এড়িয়ে সেতুতে যেতে এ সড়ককেই বেছে নেয় অধিকাংশ যানবাহন।
কেডিএ সূত্রে জানা গেছে, ২০১০ সালে সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প নামে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রকল্পটি অনুমোদন পায়। ওই সময় প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। কাজ শুরু হতে দেরি হওয়ায় ২০১৭ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু সড়কের কাজ পরিপূর্ণভাবে শেষ হতে ২০১৮ সাল পর্যন্ত লাগতে পারে বলে মনে করছে কেডিএ।
মূল সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। প্রকল্পের আওতায় দুই পাশে চার ফুট করে ফুটপাত ও মাঝে তিন ফুট সড়কদ্বীপসহ রাস্তার প্রশস্ততা ধরা হয়েছে ৬০ ফুট। এই চার কিলোমিটারের মধ্যে স্থাপন করা হবে দুটি মনুমেন্ট। তা ছাড়া রাস্তায় পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও রাখা হয়েছে প্রকল্পের মধ্যে। চার লেনের এ রাস্তার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৯০ লাখ টাকা। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে ৪০ কোটি টাকা পেয়েছে কেডিএ।
অনুমোদনের দীর্ঘদিন পরও সড়কের মূল কাজ শুরু করতে না পারায় খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি প্রশস্ত করার দাবি খুলনাবাসীর দীর্ঘদিনের। তা ছাড়া পদ্মা সেতু হলে ও রূপসার ওপর দিয়ে রেললাইন চালু হলে এ সড়কের ওপর চাপ আরও বাড়বে। সড়কের বরাদ্দও হয়ে গেছে। কিন্তু কেডিএ, কেসিসি ও জেলা প্রশাসনের সমন্বয়হীনতায় কাজটি দ্রুত শেষ হচ্ছে না। এটা হতাশার।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেডিএ কর্তৃপক্ষের আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল। কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের বেশি আগ্রহ দেখা যায়। বিষয়টি দুঃখজনক। তিনি এই অর্থবছরের মধ্যেই সড়কটির কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ মে কেডিএ থেকে সড়কটির জন্য ৫ দশমিক ১০২ একর জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়। এরপর ৪ জুন সম্ভাব্যতা যাচাই ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে কাজ শুরু করে জেলা প্রশাসন। ভূমি অধিগ্রহণের জন্য ১১ জুন একটি কমিটি গঠন করা হয়। ১৮ জুন ভূমি অধিগ্রহণের অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেটা অনুমোদিত হয়ে আসে ১৪ জুলাই। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩ ধারা নোটিশ (জমির মালিককে অধিগ্রহণের তথ্য জানানো) দেওয়া হয়। বর্তমানে ফিল্ড বুক (কোথায় কী আছে) প্রস্তুতের কাজ চলছে।
জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতার ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহ বলেন, জমি অধিগ্রহণ একটি জটিল ব্যাপার। তা ছাড়া ওই সড়কটির দুই পাশে অসংখ্য স্থাপনা রয়েছে। ফিল্ড বুক তৈরির সময় ১৭ জন আপত্তি দেন। তবে চলতি বছরের মধ্যেই কেডিএকে জমি বুঝিয়ে দেওয়া সম্ভব হবে।
প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ডিসি অফিস জমি বুঝিয়ে দিলেই আমরা মূল সড়কের কাজ শুরু করতে পারব। টেন্ডারের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।’
প্রকল্প শেষ হতে কত দিন লাগতে পারে জানতে চাইলে সাবিরুল আলম বলেন, ‘আশা করছি ২০১৮ সালের মধ্যেই কাজটি শেষ হবে। ডিপিপি রিভাইস করার সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে।’