জমি অধিগ্রহণ না করেই বাঁধ নির্মাণের অভিযোগ
গোপালগঞ্জে তারাইল-পাচুরিয়া বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ না করে ১১৭ কিলোমিটার বাঁধ নির্মাণ চলছে। এ কারণে জমি হারিয়ে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও সদর উপজেলার প্রায় ৩৫টি গ্রামের বাসিন্দার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশবিদেরা জানান, বাঁধ নির্মাণের কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, প্রকল্পটির কাজ শুরু হয়েছে ২০১০ সালের মার্চে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের আওতায় ৩২৯ কিলোমিটার জলাধার খনন, ৫৪টি নৌ চলাচল উপযোগী স্লুইসগেট, পানি নিষ্কাশনের জন্য ৮৫টি পাইপ স্থাপন, ১১৭ কিলোমিটার দীর্ঘ (১৪ মিটার প্রস্থ) বাঁধ নির্মাণ ও নয়টি স্লুইসগেট মোরামত করার কথা। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৮১ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা। এর মধ্যে ৫২ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হয়ে গেছে। বাঁধ নির্মাণ চলছে ২৮টি গ্রুপে। স্লুইসগেটসহ অন্যান্য কাজের ১২টি গ্রুপের দরপত্র প্রক্রিয়াধীন।পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করতে পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখনো কোনো জমি অধিগ্রহণ করা হয়নি। কেবল অধিগ্রহণের বিষয়টি অবহিত করে জমির মালিকদের নোটিশ দেওয়া শুরু হয়েছে। তিনি আরও জানান, ১১৭ কিলোমিটারের বাঁধের মধ্যে ৮৫ কিলোমিটারে কাজ সম্পন্ন হয়েছে।ফুলবাড়ী গ্রামের আবুল হাসেম জানান, বর্ষায় এই বাঁধ ভেঙে যেতে পারে। এ ছাড়া প্রকল্পের যে মানচিত্র তৈরি করা হয়েছিল, তাও মানা হচ্ছে না। ঠিকাদারের লোকজন তাঁদের সুবিধামতো স্থানে বাঁধ করছেন। দেওপুরা গ্রামের ছাইডখালি নদীর পশ্চিম তীরের বাসিন্দা ভরত বালা জানান, প্রায় ৩৫ বছর আগে তাঁদের কিছু জমি অধিগ্রহণ হয়েছিল। এবার সেই অজুহাতে অধিগ্রহণের বাইরের প্রায় সাত কাঠা অতিরিক্ত জমি নেওয়া হয়েছে। তবে এবার অধিগ্রহণের নোটিশ তিনি পাননি।নদীর পূর্ব তীরের সুরেশ বালা ও কৃষ্ণ বালার অভিযোগ, পূর্ব তীরে এর আগে কখনো জমি অধিগ্রহণ করা হয়নি। এবারও তাঁরা কোনো নোটিশ পাননি। অথচ ১৫ কাঠা জমির ভিটা থেকে তাঁদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তাঁর মৎস্য খামার ভরাট ও প্রায় ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে।এই অঞ্চলে পরিবেশ নিয়ে কর্মরত বিসিএএসের ফেলো সরদার শফিকুল আলম জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বন্যানিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। তাঁরা মনে করেন, এটি বাস্তবায়নের কারণে এই অঞ্চলে বন্যা আরও দীর্ঘমেয়াদি হবে। নৌ চলাচল ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। মাছসহ জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এবং এদের ওপর নির্ভরশীল পাখিসহ ডাঙায় বসবাসরত অন্যান্য প্রাণীর জীবন ধারণ কঠিন হয়ে পড়বে।অখিল কুমার বিশ্বাস জানান, পূর্ব তীরে জমি অধিগ্রহণ-প্রক্রিয়া চলছে। ভূমির মালিকদের অতিরিক্ত জমি নেওয়ার অভিযোগ সঠিক নয়। নদীর পশ্চিম তীরে আগে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না। তবে নদী ও বাঁধের মধ্যবর্তী কিছু জায়গা থাকতে হবে। সরেজমিনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান বলেন, ‘ভূমি অধিগ্রহণ না করে জমির মালিকদের উচ্ছেদ করার অভিযোগ পেয়েছি। তবে অধিগ্রহণ হলে জমির মালিকেরা যাতে দ্রুত টাকা পান, সে ব্যবস্থা নেব।’ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন, ‘টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা ও রাখিলাবাড়ীতে বেড়িবাঁধে স্লুইসগেট নির্মাণের কাজ পেয়েছি। পাউবো এলাকা দেখিয়ে দিয়ে গেছে। এখন কাজ শুরু করব।’কোটালীপাড়ার দেওপুরা গ্রামে বাঁধ নির্মাণকারী ঠিকাদার আবু সাঈদ সিকদারের ব্যবস্থাপক কাজল খান জানান, জমি অধিগ্রহণ চলছে। পাউবো আমাদের এলাকা দেখিয়ে দিয়েছে। সেখানে কাজ করছি। এখানে ঠিকাদারের কোনো দায় নেই।