জমি অধিগ্রহণ নিয়ে অস্থির কলাপাড়া

অধিগ্রহণ নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। জমির ক্ষতিপূরণ পাওয়া নিয়ে বিলম্ব ও অনিশ্চয়তা ছাড়াও আছে আরও বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের গুজব। এ ছাড়া রাতের অন্ধকারে সাইনবোর্ড পুঁতে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দর ঘিরে প্রাথমিকভাবে উপজেলার ধানখালী, লালুয়া, চম্পাপুর, টিয়াখালী, বালিয়াতলী ও ধূলাসার ইউনিয়নের অন্তত ২০ হাজার একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পায়রা বন্দরের জন্য প্রাথমিকভাবে ৭ হাজার ৭৪ একর, নৌবাহিনীর ঘাঁটির জন্য ২ হাজার ৩০০ একর, কয়লাভিত্তিক চারটি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় ৪ হাজার একর, তেল পরিশোধনাগার নির্মাণের জন্য ১ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এলাকায় প্রচার আছে, পায়রা বন্দরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের জন্য ৮১ হাজার একর জমি অধিগ্রহণ করা হবে, যা মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। যদিও পায়রা বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের জন্য ৭ হাজার একর জমি অধিগ্রহণের অনুমতি তারা পেয়েছে। এই পরিমাণ জমি অধিগ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রয়োজনের বাইরে কোনো জমি অধিগ্রহণ করা হবে না। তা ছাড়া প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবে। জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, পায়রা বন্দরের জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাদা সভা করা হয়েছে। সেখানে বেশ কিছু সমস্যাও চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় দীর্ঘদিন জমি হস্তান্তর বন্ধ ছিল। জমির কাগজপত্র না থাকায় অনেকে ক্ষতিপূরণ পাচ্ছেন না। অনেকে ক্ষতিপূরণ পেলেও তা পর্যাপ্ত নয়। এসব বিষয় সমাধানের চেষ্টা চলছে।
বিদ্যুৎকেন্দ্রের জন্য অধিগ্রহণ: কলাপাড়ায় একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ১৩৫টি পরিবারের কৃষিজমির পাশাপাশি বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে। এসব পরিবার এখন বেড়িবাঁধের ঢালে মানবেতর জীবনযাপন করছে। অধিগ্রহণ-আতঙ্কে আছে আরও একাধিক পরিবার। ৬৫ একর জমি ছিল ইসমাইল তালুকদারের (৭৫)। এখন বাড়ির জমিটুকুও নেই। জমি অধিগ্রহণ হলেও ক্ষতিপূরণের টাকা তিনি এখনো পাননি। ইসমাইল তালুকদারের বাড়ি কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামে। তাঁর মতো অন্তত ১ হাজার ২০০ পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতেই এই অধিগ্রহণ।
ইসমাইল তালুকদার বলেন, ‘কী ছিলাম আর কী অইলাম! জমিজমা সব নিল, কিন্তু টাহা পাইলাম না।’
উপজেলার রামনাবাদ নদীতীরের ছয়টি গ্রাম মরিচবুনিয়া, চর নিশানবাড়িয়া, মধুপাড়া, গরাৎখাঁ, মাছুয়াখালী ও দাসের হাওলা। গ্রামগুলোর ১ হাজার ২ একর ফসলি জমি ও বাড়ি ভরাট করে নির্মিত হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র।

সরকারি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে এটি নির্মাণ করছে। ‘পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ শীর্ষক এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন কর, ভূমি সুরক্ষার কাজে ব্যয় ধরা হয়েছে ৭৮২ কোটি ৬২ লাখ টাকা। ২০১৯ সালে এ কাজ সম্পন্ন করার কথা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া ও মধুপাড়া মৌজা থেকে এই জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে নিশানবাড়িয়া মৌজায় প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয় ৫ হাজার ৮০০ টাকা এবং মধুপাড়া মৌজায় ৫ হাজার ৯০০ টাকা। জানতে চাইলে প্রকল্প-সংশ্লিষ্ট দুজন প্রকৌশলী বলেন, প্রকল্প এলাকায় বাঁধ ও বালু ভরাট, হেলিপ্যাড, ওয়াচ টাওয়ারসহ প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে নিরাপত্তা বাঁধ নির্মাণ, মাটি প্রতিরক্ষা এবং অবকাঠামো নির্মাণের জন্য পাইল বসানো ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবাসনের কাজ শুরু হবে।
প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. জর্জিস তালুকদার বলেন, ভিটে হারানো ১৩৫টি পরিবারের পুনর্বাসনের জন্য একতলা আবাসন নির্মাণ করতে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ২ একর জমি অধিগ্রহণ বাবদ ৭৬ কোটি টাকা মূল্য নির্ধারণ করা হলেও সেখানে এখন পর্যন্ত মাত্র ১৮ কোটি ৭৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। টাকা পরিশোধ ছাড়াই স্থানীয় লোকদের জমি ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
ধানখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন মৃধা নামের একজন ভুক্তভোগী বলেন, ‘আমাদের পরিবারের সাড়ে সাত একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই জমি বাবদ টাকা পেয়েছি মাত্র ৯ লাখ। বাকি টাকা এলাকার একটি চক্র ভুয়া মামলা করে আটকে দিয়েছে। কিছু টাকা দিলে তারা মামলা তুলে নেবে বলে শর্ত দিচ্ছে।’
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে প্রতি বুধবার চেক বিতরণ করা হচ্ছে। বেশির ভাগ জমির ক্ষেত্রে অধিগ্রহণের পর মামলা হওয়ায় মালিকদের টাকা দিতে সমস্যা হচ্ছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।’
জমির দাম কম ধরার বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করায় তিনি বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং মূল্য পুনর্নির্ধারণের জন্য কমিটি করে দিয়েছেন। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হলে সে অনুযায়ী কাজ করা হবে।
নতুন করে অধিগ্রহণের আতঙ্ক: উপজেলার ছয়টি ইউনিয়নের বাসিন্দারা তাঁদের জমি অধিগ্রহণের আতঙ্কে আছেন। এসব ইউনিয়নের অন্তত ২০ জন কৃষক প্রথম আলোকে বলেছেন, পায়রা বন্দরের জন্য ছয় ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে ৮১ হাজার একর জমি অধিগ্রহণ করার কথা তাঁরা শুনেছেন।
তবে পায়রা বন্দর কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ রেজাউল কবীর বলছেন, ‘আপাতত আমরা ৭ হাজার একর জমি অধিগ্রহণের অনুমোদন নিয়েছি। এ ছাড়া চার লেন সড়কের জন্য ১৬ একর, লাইট হাউস নির্মাণের জন্য আরও ৫৮ একর জমি অধিগ্রহণ করা হবে।’
জানতে চাইলে কলাপাড়া রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক গাজী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কতটুকু জমি নেওয়া হবে, তা সরকারের পক্ষ থেকে মানুষকে স্পষ্টভাবে জানানো উচিত। তিনি বলেন, উন্নয়নের জন্য জমি দিতে এলাকার মানুষের আপত্তি নেই। কিন্তু সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পের জন্য জমি দিতে মানুষ রাজি নয়। তা ছাড়া বড় বড় কোম্পানি তাদের প্রয়োজনে সরকারকে দিয়ে জমি অধিগ্রহণ করিয়ে তা বরাদ্দ নেওয়ার চেষ্টা করছে, যা অন্যায়। তিনি বলেন, মন্ত্রিসভা সম্প্রতি ক্ষতিপূরণ তিন গুণ দেওয়ার প্রস্তাব করেছে, এতে ওই এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি মন্ত্রিসভা জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাড়ানোর যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটি আইনে পরিণত হতে বেশ সময় লাগবে। তাই এখন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিদ্যমান আইনেই দেওয়া হবে। সেটি কতটা সহজে সবাইকে দেওয়া যায়, সেই চেষ্টা চলছে।