‘দেশে অনেক ভালো ভালো আইন আছে, অথচ অনেক সময় সেসব আইন আমরা প্রয়োগ করতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জনসাধারণ তথা দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে যেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়, তা ভাবতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সব সময় জনস্বার্থের বিষয়টি চিন্তায় রেখে কাজ করতে হবে।’ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব কথা বলেছেন।
মানবাধিকারভিত্তিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ‘খাদ্য নিরাপত্তা আইন-২০১৭’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক এ কথা বলেন। বরিশালভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এই সভার আয়োজন করে। গত বুধবার কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারসংলগ্ন পানি জাদুঘর মিলনায়তনে এ সভা হয়।
বিচারপতি খায়রুল হক আরও বলেন, ‘খাদ্যের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের একটা আইন করা দরকার। সে আইন করতে গিয়ে আমাদের কী করা দরকার, তা বোঝার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। আমাদের কৃষিজমির ওপর যে আগ্রাসন হচ্ছে, তা রোধ করার জন্য আমরা আইন প্রণয়নের কথাও ভাবছি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে এ সভায় আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম বলেন, ‘বাংলাদেশের যেসব জায়গায় জলবায়ুর পরিবর্তন ও অধিক খরার কারণে খাদ্যসংকট দেখা দিয়েছে, তা যাচাই করার জন্য মাঠপর্যায়ে গিয়ে আমরা সবার মতামত নিচ্ছি। এসব কিছু বিবেচনায় নিয়ে দুই বছর ধরে খাদ্য নিরাপত্তার জন্য আইন তৈরি করার কাজ চলছে। সবার মতামত গ্রহণ করে আমরা এ ক্ষেত্রে একটি ভালো আইন জাতিকে উপহার দিতে পারব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘উপকূলের কৃষিজমিগুলো অনেক জায়গায় ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া সেচ-সুবিধার জন্য যেসব জলকপাট রয়েছে, তা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়া এসব জলকপাট দিয়ে লবণ-পানি প্রবেশ করে কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব জলকপাট মেরামত করতে আমাদের তাগিদ রয়েছে।’
ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কৃষক মো. মিলন তালুকদার বিভিন্ন প্রকল্পের জন্য একের পর এক জমি অধিগ্রহণের প্রসঙ্গ তুলে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা এর প্রতিবাদ করলে সন্ত্রাসী হয়ে যায়। মামলা দিয়ে হয়রানি করা হয়। এভাবে হতে থাকলে ভবিষ্যতে কলাপাড়া উপজেলায় কোনো কৃষিজমি থাকবে না।
আরও বক্তব্য দেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরউদ্দিন মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর সহসভানেত্রী মর্জিনা বেগম, আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারি, পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর সভাপতি আলাউদ্দিন সিকদার প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের (খানি) সাধারণ সম্পাদক নুরুল আলম। সভা শেষে খায়রুল হক পাখিমারা বাজারে স্থাপিত এশিয়ার প্রথম পানি জাদুঘর ঘুরে দেখেন।