কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ৭০০ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছে সরকার। সিঙ্গাপুরের সঙ্গে যৌথ উদ্যোগে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড নামের এই বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ বিভাগ। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণের জন্য যৌথ সম্ভাব্যতা জরিপের কাজ শেষ হয়েছে।
গত রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুস সোবহান ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসেরের নেতৃত্বে একটি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ সময় প্রকল্প পরিচালক মো. ইলিয়াছ রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য যৌথ সম্ভাব্যতা জরিপের বিষয়টি জেলা ভূমি বরাদ্দ কমিটির সভায় তোলা হবে।