রাজশাহী নগরের কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি চার লেন করার জন্য দুই বছর আগে একনেকে প্রকল্প অনুমোদিত হয়েছে। দেড় লেনের সড়কটি সম্প্রসারণের জন্য এখনো জমি অধিগ্রহণ করা হয়নি। অথচ নর্দমা ও ফুটপাতের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে ১৮ ফুটের সড়কটি ১২ ফুটে এসে ঠেকেছে।
সরু এই সড়কে এখন যানজটে মানুষের দুর্ভোগ বাড়ছে। ওই তিন কিলোমিটারে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দুই মাস আগে সেখানে গাড়িচাপায় একজন নিহত হন।
সিটি করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ মে একনেকে ওই প্রকল্পটি অনুমোদিত হয়। ওই কাজে অবদান রাখার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেনের অনুসারীরা তাঁদের নেতাদের অভিনন্দন জানান। তবে দুই বছর পার হলেও সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়নি। এদিকে ওই তিন কিলোমিটার সড়কের দক্ষিণ পাশ দিয়ে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নর্দমা ও ফুটপাত তৈরি করা হয়েছে। এতে সড়কের দৈর্ঘ্য ৬ ফুট কমে ১২ ফুটে এসে ঠেকেছে। নগরের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এটাই ছিল শহরে প্রবেশের প্রধান সড়ক। এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসসহ শহরমুখী বিভিন্ন যানবাহন এই পথেই চলাচল করে। এই সড়কের পশ্চিম মাথায় কল্পনা সিনেমা থেকে রাজশাহী কোর্ট পর্যন্ত সড়কটি ইতিমধ্যে চার লেন হয়েছে। এই চার লেনের সব যানবাহন এসে এই ১২ ফুটের সড়কে ঢুকে অসহনীয় যানজট তৈরি করছে।
নগরের কালু মিস্ত্রির মোড় এলাকার ব্যবসায়ী আরাফাত রুবেল বলেন, বরাবর তাঁরা দেখে আসছেন, আগে রাস্তা তৈরি করা হয়; পরে সেই রাস্তার পাশে ফুটপাত বানানো হয়। শহরের অনেক সড়কের পাশে এখনো ফুটপাত নির্মিত হয়নি। আর এই সড়ক বর্ধিত করার জন্য জমিই অধিগ্রহণ করা হয়নি। তার আগেই ফুটপাত তৈরি করা হয়েছে। সরু সড়কে এখন অটোরিকশাগুলো একটির সঙ্গে আরেকটি লেগে থাকে। স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
হাদির মোড় এলাকার বাসিন্দা সোহাগ রানা বলেন, ‘ফুটপাত তৈরির কারণে সড়কটি আরও ছোট হয়ে গেছে। এখন প্রতিদিনই যানজট আর দুর্ঘটনা ঘটছে। মাস দুয়েক আগে এই সড়কে গাড়ি চাপা পড়ে একজন মারা গেছেন। এখানকার ফুটপাত দিয়ে কেউ হাঁটেন না। ফুটপাতের পাশেই রয়েছে শহর রক্ষা বাঁধ। পথচারীরা বরাবরই বাঁধের ওপর দিয়ে হাঁটেন।’
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের তিন ধারার নোটিশ ইতিমধ্যে জমির মালিকদের দেওয়া হয়েছে। কারও কোনো আপত্তি না থাকলে আগামী ছয় মাসের মধ্যে জমি অধিগ্রহণ সম্পন্ন হবে। ফুটপাত ও নর্দমার জন্য আগেই বরাদ্দ পাওয়া গেছে। সে জন্য কাজটা এগিয়ে নেওয়া হয়েছে।