জমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরে বৈদ্যেরবাজার এলাকায় ওয়াসার জমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এলাকাবাসী এবং একটি কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার এসব কর্মসূচি পালন করেন। এরপর তাঁরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
ইউএনওর কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া, সোনাময়ী, খামারগাঁও, দামোদরদীসহ ১০ গ্রামের মানুষ এবং স্থানীয় আমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকার ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের (ধাপ-৩) আওতায় বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী ও হাড়িয়া এলাকায় মেঘনা নদীর তীরে পানি শোধনাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ-প্রক্রিয়া শুরু করেছে। অধিগ্রহণের জন্য প্রস্তাব করা জায়গায় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও ফসলি জমি আছে। তা ছাড়া এই জায়গার পাশে আমান গ্রুপের সিমেন্ট তৈরির একটি কারখানার কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। এই এলাকায় পানি শোধনাগার নির্মাণ করা হলে অনেকেরই বসতভিটা হারাতে হবে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, এলাকাবাসী ও একটি শিল্পকারখানার পক্ষ থেকে দুটি আলাদা স্মারকলিপি তিনি পেয়েছেন।