জমি অধিগ্রহণের খবরে কেরানীগঞ্জে বিক্ষোভ
কেরানীগঞ্জের তারানগর, কলাতিয়া ও সাভারের ভাকুর্তা ইউনিয়নে পাঁচ হাজার একর জমি সরকার অধিগ্রহণ করবে—এমন খবরে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আঁটি ভাওয়াল স্কুলের মাঠে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। পরে সেখানে তাঁরা প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, কেরানীগঞ্জের তিনটি ইউনিয়নের ১৬ মৌজায় ৫ হাজার একর জমি অধিগ্রহণ করে সাংসদদের জন্য ফ্ল্যাট বানানো হবে। এ ধরনের খবরে তাঁরা উদ্বিগ্ন। পাঁচ হাজার একর জমি অধিগ্রহণ করা হলে লক্ষাধিক মানুষ তাঁদের বসতভিটা হারাবেন। কোনো অবস্থাতেই এটা তাঁরা মানবেন না। জান দেবেন, তবু জমি দেবেন না।
তারানগর ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ‘সংসদ সদস্যরা কি গরিব নাকি? তাঁদের বাড়িঘর নাই? কার স্বার্থে খেটে খাওয়ার সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে তাঁদের জন্য ফ্ল্যাট বানাতে হবে? আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের কাছে আমাদের আকুল আবেদন, দয়া করে হাজার হাজার মানুষকে ভিটামাটিছাড়া করবেন না।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, বিগত সময়ে সরকার কেরানীগঞ্জে জেলখানা, বিসিক শিল্পনগরী, বিসিএস আবাসন প্রকল্প, রাজউকের ঝিলমিল প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজে কেরানীগঞ্জের জমি অধিগ্রহণ করেছে। এতে কেরানীগঞ্জের ভূমি সংকুচিত হচ্ছে। কমে যাচ্ছে কৃষিজমি।