জমি অধিগ্রহণের খবরে কেরানীগঞ্জে বিক্ষোভ, অবরোধ
সেনাবাহিনীর জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে—এমন খবরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের বাসিন্দারা গতকাল বুধবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেন তাঁরা।
অধিগ্রহণের ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কর্মকর্তারা কিছু বলতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর সদস্য আবদুর রাজ্জাক ও শামীম মিয়া ওই এলাকার জমির ছবি তুলছিলেন। ছবি তোলা দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। দ্রুত রটে যায় যে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এরপর শত শত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন। তাঁরা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয়।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যান চলাচল বন্ধ হওয়ার কারণে বুড়িগঙ্গা প্রথম সেতু-সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। এতে রাজধানীর সঙ্গে বরিশাল, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও খুলনা রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলে। পরে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ঘটনাস্থলে গিয়ে জমি অধিগ্রহণ করা হবে না জানানোর পর এলাকাবাসী অবরোধ তুলে নেন।
উপজেলা চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, কেরানীগঞ্জ থেকে এক শতক জমিও অধিগ্রহণ করতে দেওয়া হবে না।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, জমি অধিগ্রহণের ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী দক্ষিণ কেরানীগঞ্জের কিছু ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করেছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।