খাগড়াছড়ির দীঘিনালার ১০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যায় উন্নীত করার জন্য জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ পাওয়া যায়নি চার বছরেও।
জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় হাসপাতালের অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। অধিগ্রহণের জন্য জমির ২০১০ সালের বাজারদর আর বর্তমান বাজারদর নিয়েও জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটি ৩১ শয্যায় উন্নীত করার জন্য ২০০৮ সালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ৫ দশমিক ১৭ একর পরিমাণ জমির সীমানা চিহ্নিত করা হয়। ২০১০ সালের ৩ মার্চ জমি অধিগ্রহণ বাবদ ২৪ জন ব্যক্তির অনুকূলে তিন কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৫৬ টাকা পরিশোধ করার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে সিভিল সার্জনের কাছে চিঠি দেওয়া হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন ২০১০ সালের ১০ মার্চ অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো জমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়নি। সর্বশেষ চলতি বছরের ১ অক্টোবর জমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব এবং ২০ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রীর বরাবর চিঠি দেন সিভিল সার্জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ বলেন, ‘জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ না পাওয়ায় ২০১০ সালের জমির মূল্য আর বর্তমান মূল্য নিয়ে কিছুটা জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আমরা জমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে বারবার চিঠি দিচ্ছি। ’