জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ
পদ্মা সেতুর সঙ্গে রেললাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েক শ গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর এলাকায় তাঁরা এসব কর্মসূচি পালন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী তাঁদের বসতবাড়ির ওপর দিয়ে রেললাইন নির্মাণ বন্ধ ও জমি অধিগ্রহণ কার্যক্রম মহাসড়কের পূর্বপাশ দিয়ে করার দাবি জানান।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে রেললাইনটি মাওয়া পর্যন্ত রাস্তার পূর্ব পাশ দিয়ে স্থাপনের সিদ্ধান্ত হয়। সম্প্রতি তা সিরাজদিখান উপজেলার নিমতলা থেকে মাওয়া পর্যন্ত পশ্চিম পাশ দিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে তাঁদের শতাধিক পরিবারের পৈতৃক ভিটাসহ ফসলি জমি অধিগ্রহণের আওতায় পড়বে। তাই তাঁরা রেললাইনটি রাস্তার পূর্ব পাশে দিয়ে করে তাঁদের বাড়িঘর রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।