জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ ঠেকাতে আন্দোলনে নেমেছেন স্থানীয় কৃষকেরা। এর অংশ হিসেবে গতকাল সোমবার সকালে তাঁরা বরিশাল-বানারীপাড়া সড়কের শেখেরহাট বাজার এলাকায় অবরোধ করে জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া দেন।জেলা প্রশাসন জানায়, বরিশালে বিদ্যুতের সাব-স্টেশন স্থাপনের জন্য জেলা প্রশাসন ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকার ১৩ একর কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে নোটিশও দেওয়া হয়। সে অনুযায়ী গতকাল সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই জমি দখলের জন্য কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যান। এ সময় দুই শতাধিক কৃষক একত্র হয়ে জেলা প্রশাসনের লোকদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। একপর্যায়ে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। কৃষকদের অভিযোগ, ১৩ একর ফসলি জমি দখল করে বিদ্যুতের সাব-স্টেশন করার চেষ্টা চলছে। ওই জমিতে পানি সেচের জন্য একটি উন্নতমানের পাওয়ার টিলার রয়েছে। সেটি সরিয়ে ফেলা হলে ১০০ একর জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে যাবে। তা ছাড়া এর পাশেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ব্যাপারে আপত্তি তুলে সিটি মেয়রসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, জমি অধিগ্রহণের বিরোধিতা করে কৃষকেরা সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।