
‘রাজউক আমাদের জমি অধিগ্রহণ করে ঘরবাড়ি উচ্ছেদ করবে, এটা হতে দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই তা বরদাশত করা হবে না।’
গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন। কেরানীগঞ্জে তারানগর ও কলাতিয়া এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের ১৬ মৌজায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি অধিগ্রহণের খবরে ‘১৬ মৌজার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই সমাবেশ আহ্বান করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জমির মালিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের আবেগের ভাষা বুঝি। এখানে ভূমি অধিগ্রহণ হোক, সেটা আপনারা চান না। আমি আপনাদের এ আবেগের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব।’ তিনি আরও বলেন, ‘যারা জমি ও নদী দখল করে, সেই সব দখলদারের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। ভূমিদস্যুরা এক বিঘা জায়গা কিনে পাঁচ বিঘা জায়গা দখল করে নেয়। ছোটবেলায় আমি যে বুড়িগঙ্গা দেখেছি, আপনারা সেই বুড়িগঙ্গার অবস্থা লক্ষ করে দেখুন। তীর দখলে নদীর কী অবস্থা হয়েছে! নদী ও ভূমি দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।’
সমাবেশের বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, ‘কোনো অবস্থাতেই রাজউককে জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। রাজউক আমাদের জমি অধিগ্রহণ করবে আর রাজউকের কর্মকর্তারা ফায়দা লুটবে, এটা হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘যত দিন পর্যন্ত রাজউক অধিগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন না করবে, তত দিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। কেরানীগঞ্জের মানুষ কোনো অবস্থাতেই জমি অধিগ্রহণ করতে দেবে না।’
কলাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহের আলী বলেন, রাজউককে এক শতক জমিও অধিগ্রহণ করতে দেওয়া হবে না।
ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন বলেন, ‘রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা কেরানীগঞ্জবাসীর ঘুম হারাম করেছে। কেরানীগঞ্জবাসী এক ছটাক জমিও অধিগ্রহণ করতে দেবে না।’
কলাতিয়া গ্রামের বাসিন্দা ফরিদউদ্দিন আহমেদ বলেন, এই ১৬ মৌজার জমি কৃষিজমি। এখানকার উৎপাদিত সবজি ঢাকা শহরের ৭০ শতাংশ চাহিদা মেটাচ্ছে। তাই এলাকার কৃষকদের স্বার্থে জমি অধিগ্রহণ করা যাবে না।
তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, তারানগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা নাজির হোসেন ও খলিলুর রহমান।