জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ভাঙ্গায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’-এর জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলে তা বাতিলের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সভা করেছে এলাকাবাসী।সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মিছিল ও সমাবেশ করে। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়।তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনসারউদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জিন্না মাতুব্বর।বক্তারা বলেন, ভাঙ্গা পৌরসভাসহ চারটি ইউনিয়নের ১০টি মৌজার ৪০টি গ্রাম প্রস্তাবিত বিমানবন্দরের পাঁচ হাজার একরের মধ্যে পড়েছে। হাজার বছর ধরে এই এলাকায় প্রায় তিন লাখ লোক বসবাস করে। এখানে বিমানবন্দর হলে এলাকার মানুষ বাস্তুহারা হবে, নষ্ট হবে পাঁচ হাজার বিঘা পলিবিধৌত উর্বরা জমি, ধ্বংস হয়ে যাবে পাঁচ শতাধিক প্রাকৃতিক মাছ চাষের খামার, বিনষ্ট হবে দীর্ঘদিনে নির্মিত বিভিন্ন স্থাপনা।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘আমি অবিলম্বে স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।’বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে সরকারি একটি প্রতিনিধিদল ১১ নভেম্বর ভাঙ্গা পরিদর্শন করে।