জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের অদূরে মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া মৌজায় ফসলি জমি অধিগ্রহণ করে গৃহায়ণ প্রকল্প করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার সকালে স্থানীয় জমির মালিক ও বর্গাদারেরা প্রস্তাবিত প্রকল্প এলাকার সামনে মহাসড়কে মানববন্ধন ও প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা সরকারি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। জানা গেছে, সরকার স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প গ্রহণ করেছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই কর্মসূচি বাস্তবায়ন করেছে। মিজানুর রহমান নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমরা জীবন দেব, কিন্তু জমি দেব না।’ মাগুরা জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা ওই জায়গায় প্রকল্পের স্থান নির্বাচনের কথা স্বীকার করে বলেন, ‘এটা সরকারি সিদ্ধান্ত। আমরা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকি। তবে জমি অধিগ্রহণের কোনো তৎপরতা এখনো শুরু হয়নি।’