জমি আর বাজার বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়ায় বাঁধ নির্মাণ করে যমুনা নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। গত শনিবার থেকে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ৪০০ মিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।যমুনা নদীর গ্রাস থেকে সানন্দবাড়ী বাজার, জনবসতি ও আবাদি জমি রক্ষার উদ্দেশ্যে এর আগে বাজার এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে ‘নদীর পূর্বপাড়ের গতিপথ পরিবর্তন প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির উদ্যোগে শনিবার দুপুর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাটি কেটে এ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।সরেজমিনে দেখা গেছে, সানন্দবাড়ী ডিগ্রি কলেজ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়, মৌলভীর চর উচ্চবিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ স্থানীয় চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ মাটি কাটায় অংশ নিয়েছে।এর আগে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আজিজুর রহমান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান কর্মকর্তা মো. আবদুল ওয়াহিদ আকন্দ, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ওছিউজ্জামান আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের সিদ্দিকী প্রমুখ।প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, সানন্দবাড়ী বাজারকে ঘিরেই এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। কিন্তু যমুনা নদীর অব্যাহত ভাঙনে বাজারটি হুমকির সম্মুখীন। তাই কোনো সরকারি সাহায্য ছাড়াই স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি নির্মাণ করা হবে। এ জন্য মাটি কাটতে স্থানীয় মানুষ নগদ প্রায় এক লাখ টাকা অনুদান দিয়েছে।