জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে লালমনিরহাটে সংবাদ সম্মেলন করেন একটি হিন্দু পরিবারের সদস্যরা।
শহরের স্টেডিয়াম চত্বরে অবস্থিত সাপ্তাহিক লালমনিরহাট বার্তা পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কমল চন্দ্র সেন৷ তিনি অভিযোগ করে বলেন, ‘পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্তবর্তী হোসনাবাদ গ্রামের প্রভাবশালী আবুল হোসেন তাঁর বসতভিটাসংলগ্ন আমাদের পাঁচটি দাগের ৬০ শতাংশ আবাদি জমি ১৯৭৮ সালে দখল করে নেন। এর প্রতিবাদ করায় আবুল হোসেনের পক্ষ থেকে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি ও মারধর করা হয়৷’ উপায়ান্তর না পেয়ে বাবা দেবেন্দ্র নাথ সেন ২০১০ সালের ১৭ আগস্ট লালমনিরহাট সহকারী জজ আদালতে মামলা করেন৷ ২০১২ সালের ৪ সেপ্টেম্বর আদালত আমাদের পক্ষে রায় দেন৷ রায়ের কিছুদিন পর দেবেন্দ্র নাথ সেন পরলোকগমন করেন৷ কিন্তু দখলদাররা আজও জমি ছাড়েননি৷’
আবুল হোসেন বলেন, ‘কমলরা আদালতের রায় পাওয়ার পর আমরা আদালতে আপিল করেছি৷’ তবে তিনি কোন আদালতে, কবে এবং কোন আইনজীবীর মাধ্যমে আপিল করেছেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি৷ তিনি বলেন, ‘ওসব কথা আমার মনে নাই।’
বাউরার ইউপি চেয়ারম্যান হাবিবুল হক বলেন, ‘অভিযোগটি নিয়ে কোনো সুরাহা করতে পারিনি৷ আদালত থেকে কমল সেনরা রায় পেয়েছে বলে জানতে পেরেছি।’