জমি ও ঘরবাড়ি হুমকিতে ফেলে বালু উত্তোলন
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে জনবসতি থেকে ২৫-৩০ গজ দূরের বুড়াইল নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ।
এ আইন লঙ্ঘন করে ওই গ্রামের এক ব্যক্তি এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন। এতে আবাদি জমি ও কয়েক শ বসতঘর হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে এলাকাবাসী ১৬ ফেব্রুয়ারি ভূমি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু আজও বালু উত্তোলন বন্ধ হয়নি।
এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামের আকবর আলীর ছেলে ও বালু ব্যবসায়ী রিন্টু মিয়া ১৩ ফেব্রুয়ারি থেকে বালু তুলছেন। একটি পাইপ দিয়ে বালু তুলে ২০-২২ ফুট দূরের একটি পুকুরে ফেলা হচ্ছে। এভাবে বালু তোলা অব্যাহত থাকলে নদীর তীর ভেঙে ১৫ একর আবাদি জমি ও কয়েক শ বসতঘর ক্ষতিগ্রস্ত হতে পারে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাম্বুলপুর গ্রামে প্রায় দুই হাজার মানুষ বাস করে। এখানে মানুষের প্রধান পেশা কৃষি। এ গ্রামে প্রায় ৪০ একর জমি আছে। এতে ধান, পাট, আলু, ভুট্টা ও শাকসবজি আবাদ করা হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, তাম্বুলপুর উচ্চবিদ্যালয় থেকে ৪০০ গজ পূর্বদিকে ও তাম্বুলপুর গ্রামের একটি পরিবারের বসতবাড়ি থেকে ৩০ গজ দূরে দুটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বুড়াইল নদ থেকে বালু তোলা হচ্ছে। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্রের মালিক আমজাদ হোসেন ও বালু ব্যবসায়ী রিন্টু মিয়া পাশে দাঁড়িয়ে ছিলেন।
যন্ত্রের মালিক আমজাদ হোসেন বলেন, ‘আমার শ্যালো যন্ত্রটি রিন্টু মিয়া ভাড়া নিয়েছেন। তিনি প্রতিদিনের ভাড়া বাবদ দুই হাজার টাকা করে দিচ্ছেন।’
বালু তোলার ব্যাপারে অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে রিন্টু মিয়া দাবি করে বলেন, ‘বুড়াইল নদের পাশে আমার পৈতৃক সম্পত্তি আছে। এতে আবার অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে?’
তাম্বুলপুর ইউনিয়নের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাশেদুন নবী বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, রিন্টু মিয়াকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি ওই নির্দেশ মানছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও আলেয়া ফেরদৌস বলেন, ওই বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।