জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি কমানোর সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে ফি কী পরিমাণ কমানো যায়, সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর বিষয়ে কমিটির সঙ্গে একমত পোষণ করেছে মন্ত্রণালয়। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পাঠাতে বলেছে। এরপর কমিটিতে আলোচনা করে মন্ত্রণালয় ফি চূড়ান্ত করে রাজস্ব বোর্ডকে জানাবে।
বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্য এ কে এম ফজলুল হক জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর প্রস্তাব করেন। তিনি বলেন, বিদ্যমান ফির কারণে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কমিটির সভাপতি দবিরুল ইসলামসহ অধিকাংশ সদস্য ফজলুল হকের এই প্রস্তাবকে সমর্থন করেন।
কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনসহ জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।