ভোলা শহরে গত শুক্রবার রাতে ১৮ শতাংশ জমিসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আবুল হোসেন (৯০) বলেন, কবির হোসেন নামের এক প্রভাবশালী লোকজন নিয়ে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে ওই জমি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছেন। আবুল হোসেন বলেন, ‘৬৫ বছর ধরে চরনোয়াবাদ মৌজার ২৭৫৬ দাগের ১৭ দশমিক ৫৪ শতাংশ জমি আমি ভোগদখল করছি। বাংলা ১৩৯১ সন থেকে সরকারকে আমি খাজনা দিয়ে আসছি। এর মধ্যে আমার পক্ষে ৪ দশমিক ৫৪ শতাংশের দলিল আছে। এই জমি একসময় শাইনপুকুর এস্টেটের ছিল।’আবুল হোসেন আরও বলেন, ওই এস্টেটের মালিক সোনা মিয়া, হাসমত আলী খাঁ, সেকায়ত আলী খাঁ ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর মৌখিক চুক্তিতে দেড় হাজার টাকার বিনিময়ে তাঁকে ১৩ শতাংশ জমির মালিকানা দান করেন। তাঁরা ওই ১৩ শতাংশ জমি লিখে না দেওয়ায় তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি বিচারাধীন আছে। বাকি যে ১ দশমিক ৫৪ শতাংশ জমি সরকারের খাস-খতিয়ানভুক্ত ছিল, তাও তিনি বন্দোবস্ত নিয়েছেন।আবুল হোসেন আরও অভিযোগ করেন, ওই জমিতে রেস্টুরেন্ট, ফার্নিচার, গ্রিল, খাবার হোটেল, গুদামসহ ছয়টি ঘর ছিল। কবির হোসেন শুক্রবার দিবাগত রাতে জোরপূর্বক জমি ও দোকানঘরের দখল নিয়েছেন। ভাড়াদের পিটিয়ে বের করে দিয়েছেন। তবে কবির হোসেন বলেন, গত ৫ জানুয়ারি শাইনপুকুরের প্রকৃত মালিকদের কাছ থেকে তিনি ১৫ শতাংশ জমি কিনেছেন। তিনি দলিলবলে শনিবার দিনের বেলায় জমির দখল নিয়েছেন। এখানে কাউকে মারধর করা হয়নি। বাকি জমিটুকুও কেনার কথাবার্তা চলছে।পুলিশ সুপারের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’