জমি কিনলেও ঘর হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার
আবুল বাজনদার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক কবির চৌধুরী নামের এক চিকিৎসক ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারকে ছয় লাখ টাকা দিয়েছিলেন। ওই টাকা দিয়ে একখণ্ড জমি কিনলেও সেখানে ঘর তুলতে পারছে না আবুলের পরিবার। জমি নিয়ে দেড় বছর ধরে তাঁদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ গত বুধবার পুলিশ তাঁদের ঘর তৈরির কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাত-পায়ে গাছের শিকড়ের মতো গজানো বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার সরল গ্রামে। সেখানে ছোট একটি কুঁড়েঘর ভাড়া নিয়ে থাকে তাঁর পরিবার। চিকিৎসার জন্য এখনো ঢাকায় রয়েছেন আবুল। পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক কবির চৌধুরী গত বছরের মে মাসে টাকা দেন। পরের মাসেই সরল গ্রামেই যাতায়াতের পথসহ ছয় কাঠা (৫ দশমিক ৮০ শতাংশ) জমি কেনেন। এক মাস পর জমির দখল নিতে গেলে পাশের জমির মালিক নজরুল ইসলাম বাধা দেন। বছর কয়েক আগে নজরুলও ওই একই মালিকের কাছ থেকে জমি কিনেছিলেন। তাঁদের জমিতে যাওয়ার জন্য যাতায়াতের কোনো পথ নেই বলে নজরুল জানান। এরপর বাধে বিপত্তি। সর্বশেষ গত বুধবার ওই জমিতে ঘর করতে গেলে পুলিশি বাধায় তা আর এগোয়নি।

ঘর তৈরির কাজ বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আবুল বাজনদার জমি কিনেছেন মাখন লাল সরদার ও তাঁর ভাইদের কাছ থেকে। কিন্তু ওই জমিতে যাওয়ার কোনো পথ ছিল না। আবুলের পরিবারের সদস্যরা নজরুলের জমির ওপর দিয়ে যাতায়াত করতে গেলে নজরুল ওই পথ বন্ধ করে দেন। মাখনের দাবির পরিপ্রেক্ষিতে পরে পুলিশ গিয়ে আবুলের পরিবারের যাতায়াতের জন্য পথ বের করে দিয়েছে। মাখন পুলিশের সামনে নজরুলকে কথা দিয়েছিলেন, যে পরিমাণ জমি পথের জন্য ছেড়ে দেওয়া হবে তার দ্বিগুণ জমি তিনি নজরুলকে বুঝিয়ে দেবেন। কিন্তু মাখন নজরুলকে ওই জমি বুঝিয়ে দেননি। এরই মধ্যে আবুলের পরিবারের সদস্যরা ওই জমিতে ঘর করতে গেলে নজরুল এসে জমি বুঝে না পাওয়ার অভিযোগ করেন। যেহেতু পুলিশের মধ্যস্থতায় মাখন নজরুলকে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তাই জমি বুঝে না পাওয়ায় আবুলের ঘর তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আবুলদের কোনো দোষ নেই বলেও স্বীকার করেন তিনি।