রংপুরের পীরগঞ্জ উপজেলার পদ্মপুকুর মৌজার ভলিউম বই হারিয়ে যাওয়ায় দুই বছর ধরে এলাকায় জমি কেনাবেচা বন্ধ রয়েছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পেরে লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালের নভেম্বরে কার্যালয় থেকে পদ্মপুকুর মৌজার ১০০ পৃষ্ঠার একটি ভলিউম বই হারিয়ে যায়। এ কারণে এলাকার লোকজন জমির পর্চাসহ প্রয়োজনীয় অন্য কাগজপত্র সংগ্রহ করতে পারছেন না। ওই বছরের ১৫ নভেম্বর কার্যালয় থেকে দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক আবদুর রশিদের ৩০ ধারার সাতটি মামলার নথি ও জমির সাতটি খতিয়ানও গায়েব হয়। এসব ঘটনায় সেটেলমেন্ট কার্যালয়ের ভান্ডাররক্ষক (স্টোরকিপার) রেজাউল করিমকে দায়ী করে ওই সময় তাঁকে অন্যত্র বদলি করা হয়। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে একটি বিভাগীয় মামলাও হয়।
রেজাউল করিমের অভিযোগ, তাঁকে অফিসে বিধিবহির্ভূত জমিসংক্রান্ত কাগজপত্রের কাজ করতে বলা হতো। এতে সায় না দেওয়ায় তাঁকে সরাতে এবং ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শাহ্ আলম ইকবাল ও পেশকার হাফিজুর রহমান মৌজার ওই ভলিউম বই এবং মামলার নথিপত্র কৌশলে কার্যালয় থেকে সরিয়ে ফেলেছেন।
কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ভলিউম বই না থাকায় সেটেলমেন্ট অফিস থেকে জমির পর্চা দেওয়া হচ্ছে না। পর্চা না থাকায় জমির খাজনা খারিজও করা যাচ্ছে না। এ কারণে দুই বছর ধরে মৌজায় জমি কেনাবেচা বন্ধ রয়েছে।’
পদ্মপুকুর গ্রামের কৃষক মহসিন আলী বলেন, ‘দুই বছর থাকি সেটেলমেন অপিসোত ভুঁইয়ের পর্চা নিবার জন্যে যাওচি আর আইসোচি। খালি কয় সবুর করো, হইবে। কাগজ না থাকায় হামার জমি অ্যালা আরেকজন দাবি করোচে। অ্যাতে মুশকিলোত পড়চি।’
সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শাহ্ আলম ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব মিথ্যা কথা। ভলিউম বই রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন স্টোরকিপার। বই হারিয়ে যাওয়ায় ওই গ্রামের মানুষের কিছুটা সমস্যা হলেও অচিরেই তা কেটে যাবে। মাঠের খসড়া দেখে ভলিউম বই পুনর্গঠন করা হচ্ছে।’
সেটেলমেন্ট কার্যালয়ের পেশকার হাফিজুর রহমান বলেন, ‘স্টোর সামলান স্টোরকিপার। নিজের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন স্টোরকিপার।’