পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা নিরসন করার দাবি জানিয়েছেন দলিল লেখক, জমির মালিক ও আবাসন ব্যবসায়ীরা। গতকাল সোমবার কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা দলিল লেখক সমিতি গতকাল সকাল ১০টায় এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সমিতির সদস্যদের পাশাপাশি কুয়াকাটা পৌরসভার মেয়র, কাউন্সিলর, আবাসন ব্যবসায়ী, জমির মালিকসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন বলেন, কুয়াকাটার চারটি মৌজায় ২৬ হাজার একরের বেশি জমি কেনাবেচা প্রায় বন্ধ রয়েছে। সেগুলো বিক্রি করতে হলে অনুমতির নামে হয়রানি হতে হয়। আগে অনুমতির জন্য জেলা প্রশাসন পর্যন্ত যেতে হতো। সাম্প্রতিক এক বিধানের কারণে এখন বিভাগীয় কমিশনারের কার্যালয় পর্যন্ত দৌড়াতে হয়। এই প্রতিবন্ধকতায় পর্যটন নগরী কুয়াকাটার উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। অপর দিকে পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য হাজার হাজার একর জমি অধিগ্রহণের দরকার হবে। কিন্তু কী পরিমাণ জমি অধিগ্রহণ করা হবে, তার কোনো পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। ফলে আশপাশের এলাকার জমিগুলো অধিগ্রহণও করা হচ্ছে না, আবার মালিকেরা অন্য কারও কাছে বিক্রিও করতে পারছেন না। এ দুই এলাকায় যাঁরা আবাসন খাতে বিনিয়োগ করেছিলেন, তাঁরাও এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। জমি বেচাকেনা না হওয়ায় সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এসব জটিলতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, এসব জটিলতার কারণে মানুষ জমি বেচাকেনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনের সময় জমি বিক্রি করতে না পারায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ সমস্যার ন্যায়সংগত সমাধান জরুরি হয়ে পড়েছে।
সরকার ২০১২ সালে কুয়াকাটায় পর্যটনের উন্নয়নে মহাপরিকল্পনা প্রকাশ করে। এ জন্য তখন পটুয়াখালী জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কুয়াকাটার চারটি মৌজা লতাচাপলী, গঙ্গামতি, চরচাপলী ও কাউয়ার চর এলাকার ২৬ হাজার ৬৯ একর জমি কেনাবেচা বা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গত ১৮ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে প্রক্রিয়াটি আরও জটিল হয়েছে। এখন জমি কেনাবেচা করতে বরিশাল বিভাগীয় কমিশনারের অনুমতি নিতে হয়।
তবে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাসের দাবি, প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে এবং মানুষের হয়রানি কমাতেই নতুন নিয়ম চালু করা হয়েছে। তিনি বলেন, ‘আমি অফিসে এসেই জমি ক্রয়-বিক্রয়ের অনুমতির নথিগুলো অধস্তনদের কাছ থেকে চেয়ে নিই। এরপর দ্রুত তহশিল অফিসে পাঠিয়ে দিই। সেখান থেকে প্রক্রিয়া করে আসতে কিছুটা সময় লাগে। কোনো মানুষের হয়রানি হোক, এটা আমি কখনোই চাই না।’