সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রফুল্ল সরকারকে (৫৫) জমি কেনাবেচার বিরোধে খুন করা হয়েছে বলে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার আসামি আবদুল হামিদের জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী। আদালতে দেওয়া জবানবন্দিতে ওই আসামি বলেন, নগরের লন্ডনি রোডের যুক্তরাজ্যপ্রবাসী হরমুজ আলীর সঙ্গে জমি কেনা নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য প্রফুল্লকে খুন করা হয়। হরমুজ আলীর বাসায় ডেকে নিয়ে প্রফুল্লকে গত ৩ এপ্রিল শ্বাসরোধে হত্যা করা হয়। পরে গুমের উদ্দেশে লাশ এক দিন বাসায় রাখা হয়। এরপর লাশটিকে তিন টুকরা করে একটি লাগেজে ভরে ধোপাগুল এলাকায় ফেলে দেওয়া হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল শহরতলির ধোপাগুল এলাকা থেকে লাগেজভর্তি প্রফুল্লের তিন টুকরা লাশ সিলেটের বিমানবন্দর থানার পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে সজল সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ হরমুজ আলীকে গ্রেপ্তার করে। গত বুধবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আবদুল হামিদ, আপ্তাব আলী ও হরমুজ আলীর মেয়ে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে জানান, আদালতে আবদুল হামিদের জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করার পর শুক্রবার রাতে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।