লক্ষ্মীপুর জেলার রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের তীব্র সংকট চলছে। বালাম বই না থাকার কারণে জমির ক্রেতা-বিক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছেন। গত চার বছরে রেজিস্ট্রি অফিসে ২৩ হাজার দলিল জমা হয়েছে। এ দলিলগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের অভাবে খোয়া যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রায়পুর রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসে পর্যাপ্ত বালাম বই সরবরাহ বন্ধ রয়েছে। বছরে এই রেজিস্ট্রি অফিসে প্রায় ৫০০ বালাম বইয়ের প্রয়োজন। কিন্তু গত চার বছর ধরে ২০ ভাগ বালাম বইও পাওয়া যায়নি। এ কারণে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত ২৩ হাজার দলিল জমা পড়েছে। এসব দলিলে কমপক্ষে অর্ধলাখ ক্রেতা-বিক্রেতা রয়েছেন।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে জমি রেজিস্ট্রি করার কয়েক মাসের মধ্যে দলিল বালাম বইয়ে লেখার পর মূল দলিল ক্রেতাকে হস্তান্তর করা হতো। বর্তমানে বছরের পর বছর অপেক্ষা করেও জমির ক্রেতারা দলিল পাচ্ছেন না। এদিকে দলিল না পেয়ে জমির ক্রেতারা ব্যাংক ঋণ, জমা খারিজসংক্রান্ত ব্যাপারে প্রয়োজনে অতিরিক্ত টাকা দিয়ে নকল দলিল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এতে তাঁদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ আপ্পান হোসেন চৌধুরী বলেন, ‘বালাম বই না থাকায় প্রতিনিয়ত লোকজনকে নানা কৈফিয়ত দিতে হয়। বর্তমানে দলিলের স্তূপ বালামে লিপিবদ্ধ করার অপেক্ষায় আছে। এ নিয়ে জমির ক্রেতা-বিক্রেতারা হয়রানির শিকার হচ্ছেন।’রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মো. সুমন হোসেন জানান, তাঁরা গত দুই বছর আগে ১৩ শতাংশ জমি ক্রয় করে রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করেন। দুই বছরেও দলিল না পাওয়ায় জমা-খারিজ করতে পারেননি। জরুরি টাকার প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিতে চাইলেও দলিল না পাওয়ায় তা সম্ভব হয়নি। এ জন্য বাধ্য হয়ে চড়া সুদে এনজিও থেকে ঋণ নিতে হয়েছে।যোগাযোগ করা হলে সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান খান প্রথম আলোকে বলেন, প্রতি মাসে বালাম বইয়ের চাহিদার কথা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু আশানুরূপ বলাম বই পাওয়া যাচ্ছে না। তবে কয়েক মাসের মধ্যে পর্যাপ্ত বালাম বই পাওয়া যেতে পারে বলেও তিনি জানান।