জমি খুঁড়ে ফের বালু উত্তোলন, জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামে আবাদি জমি খনন করে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। এ অপরাধে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি ধুতুরহাট গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন তাঁকে এ অর্থদণ্ড দেন। জানা যায়, ইসমাইল হোসেন বেশ কিছুদিন ধরে আবাদি জমি খুঁড়ে ড্রেজার বসিয়ে বালু তুলছিলেন। এতে ওই গ্রামের রাস্তা ও আশপাশের আবাদি জমি ভেঙে পড়তে থাকে। এলাকাবাসীর কাছ থেকে এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর একটায় র্যাব ও পুলিশকে সঙ্গে নিয়ে আদালত ঘটনাস্থলে অভিযান চালান। ইউএনও আবুল আমিন জানান, বালু উত্তোলনকারী ইসমাইল হোসেন অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েক মাস আগে ইসমাইল হোসেন ও আলাউদ্দিন কলম আবাদি জমিতে ড্রেজার বসিয়ে বালু তোলা শুরু করেন। এ বিষয়ে ৩১ জানুয়ারি প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আলাউদ্দিন কলমকে ৫০ হাজার টাকা জরিমানা ও উত্তোলিত প্রায় তিন লাখ টাকা মূল্যের বালু জব্দ করেন।