জমি, ঘর ও অটোরিকশা পেলেন অন্ধ রিকশাচালক
অবশেষে ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী রিকশাচালক মনির আহম্মদ জমি, ঘর তোলার টাকা আর একটি অটোরিকশা পেলেন। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে তাঁর হাতে জমির দলিল, গৃহনির্মাণের জন্য ১৫ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় কেনা একটি অটোরিকশার চাবি তুলে দেন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল করিম, অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
গত বছরের ১১ নভেম্বর ইংরেজি পত্রিকা ডেইলি স্টার ‘ফাদার্স আই’ শিরোনামে দৃষ্টিপ্রতিবন্ধী ও হতদরিদ্র এ রিকশাচালককে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।
স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে মনির আহম্মদের সংসার। কিন্তু তাঁর কোনো বসতভিটা ছিল না। অন্যের জায়গায় এক কক্ষের একটি ঝুপড়ি ঘরে তিনি বসবাস করতেন। দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) হলেও জীবিকার জন্য তাঁকে রিকশা চালাতে হতো। তিনি দুই পায়ে রিকশার প্যাডেল ঘুরাতেন আর দুই হাতে হ্যান্ডেল ধরে রাখতেন। ছোট মেয়ে রিকশাচালকের সামনের সিটে বসে আঁকাবাঁকা সড়কের ডান-বাম ও গর্তসহ গতি নিয়ন্ত্রক ও দিক নির্দেশনার ভূমিকা পালন করত।
এভাবে ঝুঁকি নিয়েই রিকশা চালিয়ে প্রতিনিয়ত সংসার চালাতেন মনির। ছোট মেয়ের আগে পর্যায়ক্রমে বড় ছেলে ও বড় মেয়ে মনিরের রিকশা চালানোর পথ প্রদর্শক ছিল। বড় মেয়ে এখন অন্যের বাড়িতে ঝি এর কাজ করে। ছেলে এখন একটি ভাড়া করা অটোরিকশা চালায়। ছোট মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সকালে স্কুলে যায়, আর দুপুরের পর বাবার রিকশা চালনার সহকারী হিসেবে কাজ করে।
প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দৃষ্টিগোচর হয় এবং ফেনী জেলা প্রশাসনকে তাঁর (মনির আহম্মদ) পুনর্বাসনের ব্যবস্থা নিতে বলা হয়। পরে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর বাজার সংলগ্ন ০৫ শতক খাস জমি মনিরকে বন্দোবস্ত প্রদান করে। এ জমিতে বসতঘর নির্মাণের জন্য তিন বান্ডিল ঢেউটিন এবং নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের দুই লাখ টাকার সঙ্গে স্থানীয় ভাবে সংগৃহীত ২৫ হাজার টাকা মিলিয়ে দুই লাখ ২৫ হাজার টাকায় একটি অটোরিকশা কেনা হয়।
এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী হিসেবে মনির আহম্মদকে মাসিক পাঁচশত টাকা করে দেওয়া হচ্ছে।