জমি চাষ না করেও ভর্তুকির কার্ড!
সাতক্ষীরা সদর উপজেলায় ডিজেল ভর্তুকির তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভর্তুকি পাওয়ার যোগ্য নয়—এমন অনেকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। বোরো মৌসুমে কোনো জমি চাষ না করেও অনেকে ডিজেল ভর্তুকির কৃষি সহায়তার কার্ড পেয়েছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ডিজেল ভর্তুকি দেওয়ার জন্য কৃষকদের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি—এই তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জনপ্রতি ৮০০ টাকা এবং মাঝারি কৃষকেরা এক হাজার টাকা করে ভর্তুকি পাবেন। সাতক্ষীরা সদর উপজেলায় ৫০ হাজার ২৩৫ জন কৃষকের নাম তালিকাভুক্ত করে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। উপজেলার ১৫টি ব্যাংক থেকে এসব টাকা কৃষকদের দেওয়া হবে।খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে প্রায় ৮০০ জনকে অনিয়মের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বোরো মৌসুমে জমি চাষ না করলেও সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের কামরুল চৌকিদার, তাঁর বাবা বুদু সরদার, হেলাল চৌকিদার, রহমত আলি, শফিকুল ইসলাম, খাদেম আলিসহ অনেকের নাম ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে ব্যাংকে হিসাবও খুলেছেন। অভিযোগ রয়েছে, উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে তালিকা প্রস্তুত করেছেন।পাথরঘাটা গ্রামের আবদুল বারি, আবদুল গফফার, আবদুল কাদের, আবদুর রাজ্জাক, ইবাদুল ইসলাম, আবদুর রহমান ও মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ পাম্পের মাধ্যমে সেচ দিয়ে জমিতে বোরো চাষ করেছেন। তাঁদেরকে ডিজেল ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই গ্রামে ডিজেলচালিত সেচযন্ত্রের সাহায্যে আমিরুল ইসলাম, আছাদুল ইসলাম, আবদুল ছাত্তার, সোহেল হোসেনসহ অনেকে বোরো চাষ করেছেন। কিন্তু তাঁদের নাম কৃষি কর্মকর্তা তালিকায় অন্তর্ভুক্ত করেননি।ঝাউডাঙ্গা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান জানান, হাজিপুর ও পাথরঘাটা গ্রামের কয়েকজন কৃষক তাঁর কাছ থেকে এক প্রকার জোর করে নাম তালিকাভুক্ত করেছেন। বল্লী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কিছু ভুলত্রুটি হয়েছে। সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি।সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার জানান, কোনো কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।