জমি চাষে বাধা বিএসএফের
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে বাংলাদেশি কৃষকেরা জমি চাষ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও কৃষক মুকুল হোসেন বলেন, স্থানীয় কৃষক ফজলু বিশ্বাস, টুলু মণ্ডল, রেজাউল করিম ও নুরু মণ্ডল গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় ২০ বিঘা জমির গম কাটার পর সেখানে পাট বপনের জন্য পাওয়ারটিলার নিয়ে চাষ করতে যান। তাঁদের বাধা দেয় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী ক্যাম্পে টহলরত বিএসএফ। প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা অস্ত্র তাক করে বাংলাদেশি কৃষকদের ধাওয়া করেন। এতে তাঁরা প্রাণভয়ে পালিয়ে আসেন এবং ঘটনাটি রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পকে জানান। বিজিবির সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যরা চলে যান। বিজিবি রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আবু বক্কর বলেন, এই এলাকায় প্রায় এক হাজার ৭০০ একর জমি দুই দেশের মধ্যে অমীমাংসিত অবস্থায় রয়েছে। বাংলাদেশি কৃষকদের বাধা দানের বিষয়টি বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে নিষ্পত্তি করা হবে।