জমি দখল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টই উদ্দেশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর থানার বলদিপুকুর মিশনে ডাকাতির ঘটনায় জমি দখল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো উদ্দেশ্যও দেখছে বিভিন্ন অধিকার সংগঠন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার হিউম্যান রাইটস ফর বাংলাদেশ খ্রিষ্টান অ্যান্ড মাইনোরিটির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেয় হটলাইন হিউম্যান রাইটস ট্রাস্ট বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা।
৭ জুলাই মধ্যরাতে একদল ডাকাত বলদিপুকুর মিশনে ঢুকে মিশনের কাজে নিয়োজিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চার লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং দুটি মুঠোফোন লুটে নেয়।
কিন্তু এ ঘটনাকে নিছক ডাকাতি বলতে নারাজ ঘটনাস্থল পরিদর্শন করে আসা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও। এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগে ২০১০ সালে এলাকার স্বার্থান্বেষী একটি মহল মিশনের জমি দখলের পাঁয়তারা করেছিল। সে বছর মিশনের ফাদারের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলাও হয়। এমনকি ডাকাতির সময়ে মিশনের লোকজনকে ডাকাতেরা মারতে মারতে বলেছে, ‘মামলা চালানোর খরচ তোরা কোথায় পাস?’
হটলাইন হিউম্যান রাইটস ট্রাস্টের নির্বাহী পরিচালক রোজলিন কস্তার দাবি, মিশনে থাকা ব্রতচারী সিস্টারদের শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি ডাকাতেরা। তারা তাঁদের হত্যার হুমকিও দিয়েছে।
আর আয়োজক সংগঠনের সমন্বয়কারী দিলীপ জি ব্যাপারীর মতে, এটা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য মৌলবাদী একটি গোষ্ঠীর অপচেষ্টা।
এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তিনি নিকট অতীতে বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা, পাবনার চাটমোহরে খ্রিষ্টানপাড়ায় হামলা ও লুটপাট, গাজীপুরে তুমিলিয়া গির্জায় ফাদারদের ওপর হামলা ও ডাকাতির মতো ঘটনাগুলোও তুলে ধরেন।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষও মনে করেন, বলদিপুকুর মিশনে ডাকাতি ও ব্রতচারী সিস্টারদের নির্যাতনের পেছনে সাম্প্রদায়িক কারণ রয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ডিরেক্টর জনা গোস্বামি বলেন, ‘দেশের বৃহত্তম সম্প্রদায়ের মানুষের হাতে ক্ষুদ্রতম সম্প্রদায়ের মানুষের এই হেনস্তা আমাদের ধর্মীয় মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলে দেয়।’
তাই এ ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।