জমি দখল করতে ধর্মীয় প্রতিষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামে মসজিদ নির্মাণের নামে এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ওই মসজিদটি স্থাপন করা হয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘১৫ আগস্ট সকালে ঘুম থেকে উঠে দেখলাম, রাতারাতি একটি মসজিদ উঠে গেছে। সেদিনই আমাদের মনে সন্দেহ হয়, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। পরদিন দেখলাম, স্কুলে যাওয়ার রাস্তাটি কেটে ফেলা হচ্ছে। এলাকার হুমায়ূন কবির এ কাজের উদ্যোক্তা। তাঁর পেছনে আছেন দুই জামায়াত-সমর্থক সৈয়দ গিয়াসউদ্দিন ও জাহিদ মোল্লা। এ কারণেই হয়তো ১৫ আগস্টকে বেছে নেওয়া হয়েছে।’ তিনি জানান, তিন নম্বর ওয়ার্ডে জনসংখ্যা প্রায় তিন হাজার। ছোট-বড় মিলিয়ে ১১টি মসজিদ আছে। নামাজে কোনো মসজিদই পূর্ণ হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন একর ১৩ শতাংশ জায়গায় ১৯৬৯ সালে স্থাপিত এই এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪০৮ জন। বিদ্যালয়ে প্রবেশের জন্য পূর্ব ও পশ্চিম দিকে দুটি পথ রয়েছে। পশ্চিম পাশের প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়। ১৫ আগস্ট এ সড়কের ডান পাশে রাতারাতি মসজিদ ও পরদিন সড়কটি কেটে ফেলে হুমায়ূন কবির ও তাঁর সহযোগীরা।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে যাওয়ার জন্য পশ্চিম পাশের সড়কটির ১২ হাত পরিমাণ অংশ কেটে মসজিদের ভিত্তি নির্মাণ করা হয়েছে। সেখানে ২১টি টিন দিয়ে একটি ছাপরাঘর নির্মাণ করা হয়েছে। টানানো হয়েছে একটি সাইন বোর্ড। তাতে লেখা, ‘গেরদা জামে মসজিদ, স্থাপিত ১৫ আগস্ট ২০১১।’ গ্রামের অধিবাসী ফরিদপুর কমার্শিয়াল কলেজের ছাত্র মো. সাব্বির জানান, এ মজিদের চারদিকেই সিকি ও আধাকিলোমিটারের মধ্যে রয়েছে ছয়টি জামে মসজিদ।রাস্তা কেটে মসজিদ নির্মাণের উদ্যোক্তা মীর হুমায়ূন কবিরকে কথা বলার জন্য পাওয়া যায়নি। তাঁর ভাই মীর জামাল কবির জানান, এ এলাকায় তাঁদের পরিবারের নিজস্ব জমিতে একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। হুমায়ূন কবিরের স্ত্রী মোসাম্ম ৎ লাকী আক্তার জানান, এটি জামে মসজিদ। শুরুতে ছোট হলেও আস্তে আস্তে অনেক বড় হবে।গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মো. জাহিদুর রহমান জানান, মসজিদ বানানোর সময় স্কুলে যাওয়ার জন্য নির্মিত ইউনিয়ন পরিষদের রাস্তাটি কেটে ফেলা হয়েছে। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন খান জানান, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটি হুমায়ূন কবির তাঁদের বলে দাবি করেছিলেন। এ ব্যাপারে তাঁরা আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা তা না করে ১৫ আগস্ট মসজিদের নামে একটি সাইনবোর্ড তুলে ১৬ আগস্ট স্কুলে যাওয়ার পথটি কেটে ফেলে।সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ‘হুমায়ূন কবির ইচ্ছা করে রাস্তা কেটে গোণ্ডগোল করতে চায়। ওই খানে তাঁদের অল্প একটু জায়গা আছে। স্কুল কর্তৃপক্ষ সে জায়গাটি স্কুলের নামে রেকর্ড করে দিতে বলছে। অনেক দিন ধরেই এ ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু ওরা কায়দা করে মসজিদের নামে রাস্তা কেটে দিয়েছে।’ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বিষয়টি তদন্ত হচ্ছে। কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুর সদরের ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।