জমি দখল করতে সাংসদের বাবার নামে ক্লাব
নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাচুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই স্থাপনা টিকিয়ে রাখতে নড়াইল-১ আসনের সাংসদের বাবার নামে একটি ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, চাচুড়ি ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের দুই ভাই সুকুমার বিশ্বাস ও অন্নদা বিশ্বাস বনগ্রাম বাজারের কাছে নড়াইল-কালিয়া সড়কসংলগ্ন আটঘড়িয়া মৌজার ১১৩২ দাগে পৈতৃক সূত্রে পাওয়া আট শতাংশ জমির মধ্যে চার শতাংশে দোকানঘর করে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন। সমপ্রতি দুই ভাই মারা যান। চাকরি সূত্রে তাঁদের ছেলেরা অন্যত্র থাকায় টিনের ওই দোকানঘর কিছুদিন পরিত্যক্ত ছিল।সূত্র জানায়, ২০-২৫ দিন আগে ইউপি চেয়ারম্যান ওই পরিত্যক্ত দোকানঘর সরিয়ে সেখানে পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হলে সপ্তাহ খানেক আগে নির্মাণাধীন ঘরের সামনে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের বাবা প্রয়াত এখলাস উদ্দিন আহমঞ্চদের নামে একটি ক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান নির্মাণকাজ দেখভালের দায়িত্ব দিয়েছেন এলাকায় ত্রাস হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি তাঁর ভাই মশিয়ার রহমানকে। এ কারণে এই নির্মাণকাজের ব্যাপারে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বনগ্রাম বাজারের কাছে সড়কের পাশে ২০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের একটি পাকা ঘর নির্মাণের কাজ চলছে। এর পাশেই শহীদ এখলাস উদ্দিন সঞ্চৃতি সংঘ নামে একটি ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এলাকাবাসী জানায়, অবৈধ স্থাপনা টিকিয়ে রাখতে ইউপি চেয়ারম্যান এই অপকৌশল নিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী পরিবারের এক নারী বলেন, ‘জমির মালিক আমরা। কাউরে লিহে দিনি। চিয়ারম্যান জোর ওরে ঘর তুলতিছে। আমরা সংখ্যালঘু। এর পত্তিবাদ কত্তি গিলি আমরা বাড়ি থাকতি পারব নানে। কথা কলি মাইর খাতি হবেনে।’ দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘যা করার ভগবানই করবে।’নির্মাণাধীন ভবনের সামনেই কথা হয় মশিয়ার রহমানের সঙ্গে। তিনি দাবি করেন, মালিকেরা জমিটি তাঁর ভাইকে (ইউপি চেয়ারম্যান) দলিল করে দিয়েছেন। জোর করে জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কার সাহস আছে যে বলবে লিখে দেয়নি।’ তবে ওই জমির মালিকানার কোনো দলিল তিনি দেখাতে পারেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘এইখানে কী হচ্ছে তাতে সাংবাদিকদের কী? আপনাদের এত মাথাব্যথা কেন? ক্লাবঘর তো জনহিতকর কাজেরই অংশ। জমির মালিকদেরও এই ক্লাবের সদস্য হওয়ার সুযোগ থাকবে। তিনি দাবি করেন, ২৫ হাজার টাকা দিয়ে জমি কিনে নেওয়া হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ বলেন, সড়কের পাশে এমন স্থাপনা নির্মাণ করা ঠিক নয়। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ কবিরুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।