
টাঙ্গাইল যৌনপল্লি থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীরা অভিযোগ করেছেন, তাঁদের টাকায় কেনা যৌনপল্লির জমি দখল করতেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে। এর নেপথ্যে ভূমিকা রেখেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ২০০ বছরের পুরোনো যৌনপল্লিটি উচ্ছেদ করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার সকালে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধনে যৌনকর্মীরা এ অভিযোগ করেন।
মানববন্ধনে টাঙ্গাইলের একজন যৌনকর্মী বলেন, ‘পৌর মেয়র ও তার গুন্ডারা যৌনপল্লি উচ্ছেদ করেছে। ঘর ভেঙে ফেলেছে। লুটপাট করেছে। মেয়েদের কষ্টের টাকায় কেনা জমি লুটেপুটে খেতে চায় ওরা।’
তবে এ অভিযোগ প্রসঙ্গে পৌর মেয়র শহীদুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ভাষাহীন। আমি কল্পনাও করতে পারি না, কেউ আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলতে পারে।’
টাঙ্গাইলের যৌনকর্মীদের সংগঠনের এক নেত্রী মানববন্ধনে বলেন, ‘আমরাই তো মেয়র নির্বাচন করেছি। এখন আমরা হয়ে গেছি ডাস্টবিনের ময়লা। ভোট নেওয়ার সময় আমরা মানুষ। ভোট শেষে নোংরা।’
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ বেগম বলেন, ‘কেবল জমির লোভে ২০০ বছরের পুরোনো যৌনপল্লি উচ্ছেদ করা হয়েছে। যৌনকর্মীদের টাকায় কেনা জমি থেকে তাঁদের নোটিশ ছাড়া উচ্ছেদ করা হয়েছে। মানুষ হিসেবে আমাদের তো অধিকার আছে।’ তিনি বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদের পরিণতি ভালো হয় না।
নেটওয়ার্কের সহসভানেত্রী চুমকি বেগম বলেন, ‘টাঙ্গাইলের যৌনপল্লিতে বসবাসরত এক হাজার ৮০০ নারী ও তাঁদের সন্তানেরা কোথায় গেছে? সামনে ঈদ। এ সময় এত মানুষকে গৃহছাড়া করে দেওয়া মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।’
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, ১০ জুলাই মেয়রের পাঠানো লোকজন যৌনপল্লিতে এসে তিন ঘণ্টা সময় বেঁধে দেন এবং ঘর ফাঁকা করে দিতে বলেন। এতে কাজ না হলে ১২ জুলাই সন্ধ্যার পর যৌনপল্লির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রাণভয়ে পল্লির মেয়েরা একে একে ঘর ছাড়তে থাকেন।
যৌনপল্লি উচ্ছেদের পরিবর্তে পরিকল্পনার মাধ্যমে যৌনকর্মী ও তাঁদের সন্তানদের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের দাবি করা হয় মানববন্ধনে।
টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গা থেকে যৌনকর্মীরা মানববন্ধনে অংশ নেন। অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন, অ্যাকশনএইড, কেয়ার বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।