জমি দখল করলেন যুবলীগ নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টঙ্গী থানা যুবলীগ সভাপতির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় টঙ্গী চেরাগ আলী মার্কেটের পূর্ব দিকের কলাপট্টিতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জমির প্রকৃত মালিক দাবিদার নাজমা বেগম বাদী হয়ে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর করা অভিযোগ থেকে জানা গেছে, টঙ্গীর আউচপাড়া মৌজায় এসএ ৫৫৩ ও আরএস ১১২৫ নম্বর দাগে সাড়ে ১৭ শতাংশ জমি পৈতৃক সূত্রে নাজমা আক্তারসহ তাঁর ছয় ভাইবোন ভোগ দখল করে আসছিলেন। গতকাল টঙ্গী থানা যুবলীগের সভাপতি আবদুল সাত্তার মোল্লা ও আবদুল হামিদসহ একদল যুবক তাঁদের ভোগদখল করা দোকানঘর দখল করতে আসেন। এ সময় তাঁদের বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে নাজমার দোকানঘরে ব্যাপক ভাঙচুর করেন। এতে উল্লেখ করা হয়, সন্ত্রাসীরা দোকানঘর ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার মালামাল ক্ষতি সাধন করে এবং প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই দাগে ভুয়া দলিল মূলে কিছুদিন আগে ওই জমির তিন ভাগের দুই ভাগ দখল করেছিল। এ নিয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।এ ব্যাপারে সাত্তার মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বায়না সূত্রে জমির মালিক আমি। তা ছাড়া ওই জমির সঙ্গে আমার নিজের জমি আছে। এখানে নাজমাদের কোনো জমি নেই।’টঙ্গী থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।